" />
AmaderBarisal.com Logo

ক্লাসে ফেরার সম্মতি শিক্ষকদের: সিন্ডিকেটে ভাগ্য নির্ধারণ ১২৪ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীর


আমাদেরবরিশাল.কম

৩০ April ২০২৬ Thursday ৭:৪৭:০৯ PM

ক্যাম্পাস প্রতিনিধি:

সিন্ডিকেটের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ১২৪ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর পদোন্নতি। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) উপাচার্য এবং শিক্ষকদের একটি প্রতিনিধিদলের সঙ্গে বিভাগীয় কমিশনার খলিল আহমেদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগামী সপ্তাহে এ সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। পাশাপাশি চলমান অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে শিক্ষকদের ক্লাস ও পরীক্ষা গ্রহণের অনুরোধ করা হয়েছে।শিক্ষকরা শনিবার সভা করে সিদ্ধান্ত জানাবেন বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাহাত হোসেন ফয়সাল।

ড. রাহাত হোসেন ফয়সাল বলেন, ‘আমাদের দাবির কিছু বিষয়ে একমত পোষণ করেছেন বিভাগীয় কমিশনার। তারা বলেছেন, যত দ্রুত সম্ভব পদোন্নতির বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। পদোন্নতির তালিকায় বিশ্ববিদ্যালয়ের ৬২ জন শিক্ষক ও ৬২ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছেন।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তৌফিক আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, রেঞ্জ ডিআইজি মোস্তাফিজুর রহমান, জীববিজ্ঞান অনুষদের ডিন ড. হাফিজ আশরাফুল হক, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ইসরাত জাহান লিজা, কলা অনুষদের ডিন ড. আব্দুল বাতেন, কম্পিউটার বিজ্ঞান অনুষদের ডিন রাহাত হোসেন ফয়সাল প্রমুখ উপস্থিত ছিলেন।

সভা শেষে বিভাগীয় কমিশনার খলিল আহমেদ সাংবাদিকদের জানান, আন্দোলনরত শিক্ষক ও ডিনগণ বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম চালু রাখার আশ্বাস দিয়েছেন। শিক্ষকদের দাবি বিবেচনা করার জন্য শিগগিরই হতে যাওয়া সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত হবে।

এ ব্যাপারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তৌফিক আলম বলেন, ‘ক্যাম্পাসে বিভাগীয় কমিশনার ও ডিনদের সঙ্গে একটি ত্রিপক্ষীয় সভা হয়েছে।সভায় সিদ্ধান্ত হয়েছে, ক্লাস ও পরীক্ষা যেগুলো বন্ধ রয়েছে, সেগুলো শিক্ষকরা খুব দ্রুত চালু করবেন। একই সঙ্গে তাদের যে সমস্যাগুলো রয়েছে, সেগুলো সমাধানের জন্য আগামী সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।’



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।