" />
AmaderBarisal.com Logo

বাউফলে নিয়ন্ত্রণ হারিয়ে মধ্যরাতে ঢাকাগামী বাস খাদে, নিহত ১


আমাদেরবরিশাল.কম

৪ May ২০২৬ Monday ১২:৫৫:৩০ PM

অনলাইন নিউজ ডেস্ক:

পটুয়াখালীর বাউফলে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। এ ঘটনায় বাসের এক স্টাফ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১০ জন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

সোমবার (৪ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাউফল-ঢাকা মহাসড়কের বাউফল উপজেলার আফসার গ্যারেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী দশমিনা উপজেলা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ‘বাউফল ট্রাভেলস’ নামের একটি বাস আফসার গ্যারেজ এলাকায় পৌঁছালে অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের এক স্টাফ নিহত হন। দুর্ঘটনায় তার কোমরের নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।

বাসটিতে ২৫ জন যাত্রী ছিলেন বলে জানা যায়। তাদের মধ্যে আরও ১০ জন দুর্ঘটনায় আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতরা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।নিহতের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে পুলিশ।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, যাত্রীদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, গাড়িটিতে ২০-২৫ জনের মতো যাত্রী ছিল। তবে নিহত একজন ছাড়াও আরও একজন গুরুতর আহত হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।এখনো তার নাম-পরিচয় জানা যায়নি। মরদেহের সুরতহাল শেষে পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করা হলে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে এবং পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।