" />
AmaderBarisal.com Logo

বাউফলে ‘২ কোটি টাকার’ টয়লেট নিয়ে তোলপাড়!


আমাদেরবরিশাল.কম

৫ May ২০২৬ Tuesday ১২:১২:৪৬ PM

অনলাইন নিউজ ডেস্ক:

পটুয়াখালীর বাউফলে নবনির্মিত একটি টয়লেটের ব্যয়সংক্রান্ত নামফলককে কেন্দ্র করে তোলপাড় সৃষ্টি হয়েছে। টয়লেটের নামফলকে নির্মাণ ব্যয় প্রায় দুই কোটি টাকা উল্লেখ থাকায় বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা ‘টক অব দ্য কান্ট্রি’তে পরিণত হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নের রামনগর গ্রামের ইদু হাওলাদার বাড়ির সামনে মসজিদের পাশে মুসল্লিদের ব্যবহারের জন্য একটি টয়লেট নির্মাণ করা হয়। ২০২৪-২০২৫ অর্থবছরে রাজস্ব তহবিলের অর্থায়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রকল্পটি বাস্তবায়ন করে।

প্রকল্পটির কাজ শেষে টয়লেটের দেয়ালে একটি নামফলক স্থাপন করা হয়। ওই নামফলকে প্রিন্টিংয়ের সময় ভুলবশত নির্মাণ ব্যয় উল্লেখ করা হয় এক কোটি ৯৯ লাখ ৯৯ হাজার ৯৩ টাকা। বিষয়টি নিয়ে স্থানীয় কয়েকজন যুবক ভিডিও ও কনটেন্ট তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে তা দ্রুত ভাইরাল হয়।

এরপর ফেসবুকে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। অনেকেই বিষয়টি নিয়ে নেতিবাচক মন্তব্য করেন। আরিফুল নামের এক ব্যবহারকারী মন্তব্য করেন, সরকারি টাকা এভাবেই লুটপাট হচ্ছে।

ইউনুস আলী নামের আরেকজন লেখেন, এত দামি টয়লেট আমরা ব্যবহার করতে চাই না।

এ বিষয়ে মসজিদ কমিটির সভাপতি আব্দুল করিম হাওলাদার বলেন, কত টাকায় টয়লেট নির্মাণ হয়েছে তা আমরা জানি না। নামফলকে দুই কোটি টাকা লেখা দেখে আমরা অবাক হয়েছি।

বাউফল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি কামরুজ্জামান ফিরোজ বলেন, একটি সামান্য ভুলের কারণে বিষয়টি বড় আকার নিয়েছে। সরকারকে বেকায়দায় ফেলতে একটি চক্র এটি ছড়িয়েছে।

বাউফল উপজেলা প্রকৌশলী আরজুরুল হক বলেন, প্রকৃত প্রকল্প ব্যয় ১ লাখ ৯৯ হাজার ৯৯৯ দশমিক ৯৩ টাকা। নামফলক প্রিন্টিংয়ের সময় ভুলবশত অতিরিক্ত শূন্য যুক্ত হয়ে যায়। বিষয়টি জানার পর নামফলকটি সংশোধন করা হয়েছে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।