" />
AmaderBarisal.com Logo

পায়রা নদীর ভাঙনে ঝুঁকিতে বেড়িবাঁধ, আতঙ্কে তালতলীর ১৫ গ্রামের মানুষ


আমাদেরবরিশাল.কম

৭ May ২০২৬ Thursday ৫:১৮:০৪ PM

তালতলী ((বরগুনা) প্রতিনিধি:

পায়রা নদীর অব্যাহত ভাঙনে হুমকির মুখে রয়েছে বরগুনার তালতলী উপজেলার তেঁতুলবাড়িয়া সংলগ্ন বেড়িবাঁধটি। সম্প্রতি বাঁধে ফাটল দেখা দিয়েছে। এতে মারাত্মক ঝুঁকিতে পড়েছে বাঁধ সংলগ্ন নিশানবাড়িয়া ইউনিয়নের ১৫ টি গ্রামের মানুষ।

সরেজমিনে দেখা গেছে, গত কয়েক দিনের টানা বৃষ্টি ও পায়রা নদীর জোয়ারের পানির প্রবল চাপে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের তেঁতুলবাড়িয়া সংলগ্ন পায়রা নদীর বেড়িবাঁধের প্রায় ১০০ মিটার অংশে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। বাঁধের কিছু অংশ ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হতে শুরু করেছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত সংস্কার করা না হলে যেকোনো মুহূর্তে বাঁধ ভেঙে নদীর পানি লোকালয়ে ঢুকে পড়বে। বাঁধটি ভেঙে গেলে নিশানবাড়িয়া ইউনিয়নের তেঁতুলবাড়িয়া, বড় অঙ্কুজান, নলবুনিয়া ও আগাপাড়াসহ ১৫ টি গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। এতে ঘরবাড়ি, ফসলি জমি এবং মাছের ঘের ব্যাপক ক্ষতির মুখে পড়বে।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা বাবু হাওলাদার বলেন, “প্রতি বছরই বাঁধ মেরামত হয়, কিন্তু স্থায়ী কোনো সমাধান হয় না। এবার যেভাবে ফাটল ধরেছে, আমরা আতঙ্কে রাতে ঘুমাতে পারছি না, যে কোনো সময় বাঁধ ভেঙে পানি ঢুকে পড়তে পারে। তাই দ্রুত টেকসই বাঁধ নির্মাণের দাবি জানাই।’

এ বিষয়ে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, ইতিমধ্যে পানিউন্নয়ন বোর্ডের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অতি দ্রুত রিং বাঁধ নির্মাণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল হান্নান প্রধান বলেন, বাঁধটি খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। আমাদের টিম কয়েকবার ভাঙনকবলিত বাঁধটি পরিদর্শন করেছে। বর্তমানে ভাঙনরোধের জন্য দ্রুত অর্থ বরাদ্দ পাওয়া সম্ভব নয়। তবুও একটি প্রকল্প অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠিয়েছি। বর্তমানে বাঁধের বাইরে একটি রিং বাঁধ দিতে জমির মালিকদের সঙ্গে আলোচনা চলছে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।