" />
AmaderBarisal.com Logo

বাকেরগঞ্জে আদালতের নির্দেশ অমান্য করে স্থাপনা নির্মাণ, সং’ঘ’র্ষের আশঙ্কা


আমাদেরবরিশাল.কম

৮ May ২০২৬ Friday ২:২৫:৫৬ PM

বাকেরগঞ্জ ((বরিশাল) প্রতিনিধি:

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার শিয়ালঘুনী এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। বিরোধীয় জমিতে আদালতের নির্দেশনা উপেক্ষা করে গত ১ মে শুক্রবার জোরপূর্বক দখল ও স্থাপনা নির্মাণের চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে খোদ মামলার বাদীর বিরুদ্ধে। এর আগে বাদী তার বিরোধীয় জমি নিয়ে আদালতে মামলা দায়ের করে।
স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শিয়ালঘুনী গ্রামের বাসিন্দা মোঃ শহিদুল ইসলাম (টিপু), পেশায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের (মেটলাইফ এলিকো) ব্রাঞ্চ ম্যানেজার, পিতা মৃত মোঃ দেলোয়ার হোসেন হাওলাদার, ওই জমি সংক্রান্ত বিরোধে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত, বরিশালে ফৌজদারি কার্যবিধির ১৪৪/১৪৫ ধারায় একটি মামলা দায়ের করেন (এম.পি কেস নং- ১০৬১/২০২৫)।

তবে প্রতিপক্ষের অভিযোগ, মামলাটি চলমান থাকা অবস্থায় এবং সংশ্লিষ্ট ধারার বিধিনিষেধ বলবৎ থাকা সত্ত্বেও তিনি নিজেই বিরোধীয় জমিতে প্রবেশ করে স্থিতাবস্থা ভঙ্গের চেষ্টা করছেন।

বিরোধীয় জমিটি বাকেরগঞ্জ থানার খোদা বকশ কাটি মৌজার অন্তর্গত। জমির বিএস খতিয়ান নং ১২৪২/১১৫৮ এবং দাগ নং ৭৫১, ৭৫২ ও ৮০৪সহ মোট ৭.৪৭ শতাংশ ভূমি নিয়ে দীর্ঘদিন ধরে এ বিরোধ চলে আসছে।

প্রতিপক্ষের ভাষ্যমতে, সম্প্রতি তিনি পূর্বে নির্ধারিত বাউন্ডারি অপসারণ করেন, জমির গাছপালা কেটে ফেলেন এবং রাতের আঁধারে ইট, বালু ও সিমেন্ট এনে একটি পাকা স্থাপনা নির্মাণের উদ্যোগ নেন। এ সময় বাধা প্রদান করলে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও উঠেছে।

মামলার বাদি মোঃ শহিদুল ইসলাম জানান, বিরোধপূণ জমি নিয়ে কোর্টে ১৪৪ ধারায় মামলা চলমান রয়েছে বিষয়টি এখনো সমাধান হয়নি।

বিরোধীয় জমিতে আইনভঙ্গ করে পাকা ঘর নির্মানের বিষয়ে জানাতে চাইলে তিনি জানান, পরিস্থিতি বিবেচনায় তিনি আইন ভাঙতে বাধ্য হয়েছে এবং সেখানে গাছকর্তন করে বসতঘর নির্মানে কার্যক্রম পরিচালনা করছেন।

সার্বিক বিষয়ে জানতে বাকেরগঞ্জ থানার ওসি মোঃ সফিকুল ইসলাম কে মুঠোফোনে কল দিলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

এলাকাবাসীর দাবি, অভিযুক্ত ব্যক্তি বিভিন্ন প্রভাবশালী মহলের পরিচয় ব্যবহার করার পাশাপাশি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়েও এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করছেন।

আইনজ্ঞদের মতে, ফৌজদারি কার্যবিধির ১৪৪ ও ১৪৫ ধারা জারি থাকলে সংশ্লিষ্ট বিরোধীয় সম্পত্তিতে কোনো পক্ষই একতরফাভাবে দখল বা স্থাপনা নির্মাণের মতো কার্যক্রম পরিচালনা করতে পারে না; এ ধরনের পদক্ষেপ আইন লঙ্ঘনের শামিল হতে পারে।

বর্তমানে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

এ বিষয়ে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।