" />
AmaderBarisal.com Logo

পটুয়াখালীর উন্নয়নে ৪০০ কোটি টাকা বরাদ্দ এনেছিলাম’-আলতাফ হোসেন চৌধুরী


আমাদেরবরিশাল.কম

৯ May ২০২৬ Saturday ১০:৫৩:১৭ PM

পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালী-১ (সদর–মির্জাগঞ্জ–দুমকি) আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, বিএনপি সরকারের স্বল্প সময়ে তিনি পটুয়াখালীর উন্নয়নের জন্য প্রায় ৪০০ কোটি টাকা বরাদ্দ এনেছিলেন।

শনিবার (৯ মে) দুপুর ১২টায় পটুয়াখালী ব্যায়ামাগারে জেলা, পৌর ও সদর উপজেলা বিএনপি এবং এর অঙ্গসংগঠনের যৌথ আয়োজনে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। 

তিনি বলেন, আপনারা আমাকে এক লাখ ভোটের ব্যবধানে নির্বাচিত করেছেন, এজন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ এবং দায়বদ্ধ। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।  

আলতাফ হোসেন আরও বলেন, আওয়ামী লীগ উন্নয়নের জন্য বরাদ্দ চাল, গম ও অর্থ ভুয়া মাস্টাররোলের মাধ্যমে আত্মসাৎ করেছে। উন্নয়নের জন্য আসা সকল বরাদ্দ সততার সঙ্গে সঠিকভাবে কাজে লাগাতে হবে। কোনো অনিয়ম করা যাবে না। 

এর আগে সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী ২৫০ শয্যাবিশিষ্ট পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় হাসপাতালের অব্যবস্থাপনা ও অনিয়ম প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, হাসপাতালে ডাক্তার, নার্স এবং তৃতীয় শ্রেণির জনবলের স্বল্পতা রয়েছে। পাশাপাশি ওষুধেরও ঘাটতি রয়েছে।

তিনি বলেন, এসব সমস্যা জানা আছে এবং নতুন কমিটির মাধ্যমে এগুলো সমাধানের উদ্যোগ নেওয়া হবে। হাসপাতালে রোগীদের জন্য বরাদ্দ সিট ইতোমধ্যে পূর্ণ হয়ে গেছে, এমনকি ফ্লোরেও রোগী রয়েছে। তবে কেউ অবহেলিত হচ্ছে না।

এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. খালেদুর রহমান মিয়া, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলরুবা ইয়াসমিন লিজা, হাসপাতাল কমিটির সদস্য অ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালামসহ বিএনপির নেতৃবৃন্দ।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।