![]() বরিশালে চেয়ারম্যানকে অবরুদ্ধ করে ইউপি কার্যালয়ের সামনে মানববন্ধন
১২ May ২০২৬ Tuesday ৫:১৭:৫২ PM
নিজস্ব প্রতিনিধি: ![]() দুর্নীতির অভিযোগে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার (১১ মে) দুপুরে বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালীন সায়েস্তাবাদ ইউনিয়নের প্যানেল (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান শামছুল কবির ফরহাদ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অবস্থান করছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়, ইউনিয়নের বিভিন্ন ঘাট অবৈধভাবে দখল, অবৈধ ড্রেজার ব্যবসা নিয়ন্ত্রণ, সামাজিকভাবে ছেড়ে দেওয়া গরু জবাই করে বিক্রি ও ইউনিয়ন পরিষদের বরাদ্দকৃত চাল দিয়ে বনভোজন করেছেন তিনি।সামাজিকভাবে ছেড়ে দেওয়া ষাঁড় গরু জবাই করে বিক্রির অভিযোগে তার বিরুদ্ধে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানায় একটি মামলা করা হয়। এরপর রবিবার বরিশাল সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্যানেল চেয়ারম্যান হওয়ার পর থেকে বেপরোয়া হয়ে ওঠেন ফরহাদ হোসেন। ১৫ এপ্রিল রাতে ইউনিয়নের রাজাপুর চর এলাকা থেকে ফরহাদের নেতৃত্বে গরুটি ধরে নিয়ে যাওয়া হয়।পরে তা বিক্রি করে দেয়। একজন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে এ রকম একটি গর্হিত কাজ আমাদের ইউনিয়নের সম্মান ক্ষুণ্ণ করেছে। মানববন্ধনে অংশ নেওয়া আন্দোলনকারীরা এ দুর্নীতিবাজ প্যানেল চেয়ারম্যানের প্রত্যাহার ও চেয়ারম্যান পদে প্রশাসক নিয়োগের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। মানববন্ধনে অংশগ্রহণকারী রিয়াজ বলেন, ফরহাদ হোসেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর থেকে এলাকার খেয়াঘাট দখল, অবৈধ বালুর ব্যবসা, খাসজমি দখলসহ বিভিন্ন অপকর্ম করে আসছে।তাই তার চেয়ারম্যান পদে আসীন থাকার কোনো সুযোগ নেই। মো. সোহেল হাওলাদার বলেন, ফরহাদ চেয়ারম্যান দুস্থদের চাল আত্মসাৎ, টিআর ও কাবিখার অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অপকর্ম করে আসছেন। আমরা তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে মানববন্ধন করতে বাধ্য হয়েছি। তবে অভিযুক্ত ফরহাদ হোসেন বলেন, আমার বিরুদ্ধে একটি পক্ষ ষড়যন্ত্র করছে। আমার বিরুদ্ধে মিথ্যা বিভ্রান্তিমূলক অপপ্রচার চালানো হচ্ছে।তারা চাচ্ছে আমি যাতে চেয়ারম্যান পদে না থাকি। তার বিরুদ্ধে মামলার বিষয়ে তিনি বলেন, এটাও ষড়যন্ত্রের একটি অংশ। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

