" />
AmaderBarisal.com Logo

সব নৌযান নিবন্ধিত হলে চুরি-ডাকাতি কমবে: পায়রাবন্দর চেয়ারম্যান


আমাদেরবরিশাল.কম

১২ May ২০২৬ Tuesday ৭:২৫:২৭ PM

 কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:

দেশের ছোট-বড় সব নৌযান নিবন্ধিত হলে নৌপথে চুরি-ডাকাতি কমবে বলে মন্তব্য করেছেন পায়রাবন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মাসুদ ইকবাল। এ সময় তিনি কর্তৃপক্ষকে সব নৌযানের রেজিস্ট্রেশন করতে অনুরোধ করেন। 

মঙ্গলবার দুপুরে পটুয়াখালীর কলাপাড়ায় পায়রাবন্দরের কমার্শিয়াল ভবনে নৌ-নিরাপত্তা সপ্তাহ- ২০২৬ উপলক্ষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। 

মাসুদ ইকবাল বলেন, নৌপথকে নিরাপদ রাখা সবার সম্মিলিত দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই বন্দর ও আশপাশের এলাকায় নিরাপদ ও সুশৃঙ্খল নৌ-চলাচল নিশ্চিত করার লক্ষে কাজ করে যাচ্ছে বন্দর কর্তৃপক্ষ। ইতোমধ্যে নদীপথে জোরদার নিরাপত্ত টহল বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি বন্দরের আশপাশের নদী পথে নিরাপত্তা নিশ্চিত করতে বন্দরের নিরাপত্তা বিভাগ স্থানীয় প্রশাসনের সমন্বয়ে সার্বক্ষণিক নজরদারি কার্যক্রম পরিচালিত করছে। 

তিনি বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহার, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং জরুরি উদ্ধার সক্ষমতা বৃদ্ধির দিকেও গুরুত্বারোপ করছে বন্দর কর্তৃপক্ষ। 

মতবিনিময় সভায় তিনি আরও বলেন, নৌযানগুলো নিবন্ধিত হলে চুরি-ডাকাতি কমে যাবে। তাই ছোট-বড় সব নৌযানগুলোর রেজিস্ট্রেশন করা প্রয়োজন। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য সদস্য (হারবার অ্যান্ড মেরিন) পায়রা বন্দর কর্তৃপক্ষ কমডোর মোহাম্মদ জামাল উদ্দিন। 

সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাউছার হামিদ, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছার উদ্দিন আহমেদ টিপু, নৌ-পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা নয়ন কারকুন, আলীপুর নৌযান মাঝি মালিক সমিতির সভাপতি রুহুল আমিন মাঝি, মহিপুর নৌযান মাঝি মালিক সমিতির সিনিয়ার সভাপতি সিদ্দিকুর রহমান প্রমুখ। 

স্থানীয় জেলে, মাঝি, ট্রলার ও জাহাজ মালিক সমিতির প্রতিনিধি এবং জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

মতবিনিময় সভার শুরুতে নৌযান দুর্ঘটনায় করনীয় বিষয়ে সচেতনতামূলক প্রামাণ্যচিত্র উপস্থাপন করা হয়। পরে মৎস্যবন্দর মহিপুর ও আলিপুরে সাধারণ জেলেদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।