বাউফলে উজ্জ্বল হত্যা:দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন
আমাদেরবরিশাল.কম
১৪ May ২০২৬ Thursday ৩:২০:৩৩ PM
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলার আলোচিত উজ্জ্বল কর্মকার হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার কালাইয়া বন্দর মদন মোহন জিউর আখড়া বাড়ি সংলগ্ন সড়কে “সচেতন সমাজ”-এর ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে নিহত উজ্জ্বল কর্মকারের স্বজন, স্থানীয় সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের সদস্য, ব্যবসায়ী, শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় মানববন্ধনস্থলে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অংশগ্রহণকারীরা হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অতুল চন্দ্র পাল, বাউফল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের বাউফল প্রতিনিধি কৃষ্ণকান্ত কর্মকার, বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী সাহেদুল ইসলাম সুমন এবং নিহত উজ্জ্বল কর্মকারের ভাই আনন্দ কর্মকার। বক্তারা বলেন, উজ্জ্বল কর্মকারকে প্রকাশ্যে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার এতদিন পেরিয়ে গেলেও মামলার সব আসামিকে গ্রেফতার করা হয়নি। এতে নিহতের পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা অভিযোগ করেন, একটি প্রভাবশালী মহল ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেককে গ্রেফতার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান বক্তারা। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত ৩০ মার্চ উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরদিয়ারা কচুয়া এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন উজ্জ্বল কর্মকারের ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে বাউফল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। তবে মামলার কয়েকজন আসামি এখনো গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্বজন ও এলাকাবাসী। তারা দ্রুত তদন্ত সম্পন্ন করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, উজ্জ্বল হত্যাকাণ্ডকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত হচ্ছে। এজাহার ভুক্তদের মধ্যে পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।