" />
AmaderBarisal.com Logo

যমুনা টিভির সাংবাদিককে হত্যার হুমকি


আমাদেরবরিশাল.কম

১৪ May ২০২৬ Thursday ১০:৩৮:২৭ PM

অনলাইন নিউজ ডেস্ক:

পটুয়াখালীর বাউফলে কর্মরত যমুনা টেলিভিশনের রিপোর্টারকে মুঠোফোনে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে। হুমকি দেওয়ার একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

বুধবার (১৩ মে) ভুক্তভোগী রইসুল ইসলাম ইমন বাউফল থানায় একটি সাধারণ ডায়েরির (জিডি) আবেদন করেছিলেন। পরে বৃহস্পতিবার (১৪ মে) আবেদনটি জিডি হিসেবে গ্রহণ করে বাউফল থানার পুলিশ। 

হুমকি কথোপকথনে ওই পুলিশ সদস্য নিজের পরিচয় গোপন রাখলেও মুঠোফোন নম্বরের সাহায্যে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে। স্থানীয়রাও পরিচয় নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তির নাম সালাউদ্দিন হাওলাদার। তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগে কর্মরত একজন কনস্টেবল। তিনি বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়নের রাবাই গ্রামের আব্দুর রাজ্জাক হাওলাদারের ছেলে। অভিযুক্ত সালাউদ্দিন স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের প্রকাশ্য রাজনীতি করেন।

জানা গেছে, যমুনা টেলিভিশনের প্রতিনিধি রইসুল ইসলাম ইমন উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের রায়সাহেব এলাকায় ‘মুজিব কেল্লা’ নামক আশ্রয়ণ প্রকল্পের অনিয়মের তথ্য সংগ্রহ করতে যাওয়ায় তাকে হুমকি দেওয়া হয়। ওই প্রকল্পের কাজ করছেন অভিযুক্ত পুলিশ সদস্য সালাউদ্দিনের চাচা ও ধুলিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ রিপন হাওলাদার। চাচার ঠিকাদারি কাজের অনিয়ম খোঁজায় ক্ষিপ্ত হন তিনি। পরে তিনি ১০ মে থেকে ১৩ মে পর্যন্ত একাধিকবার ফোন করে হুমকি দিয়ে আসছেন। 

মুঠোফোনের কল রেকর্ডে শোনা যায়, দীর্ঘ সময়ের কথোপকথনজুড়ে পুরোটা সময় পুলিশ সদস্য সালাউদ্দিন নানাভাবে হুমকি দেন।

একপর্যায়ে হাত-পা ভেঙে দেওয়াসহ হত্যার হুমকিও দেওয়া হয়। 

এ ঘটনা প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় সাংবাদিক সংগঠনের নেতারা। বাউফল রিপোর্টার্স ইউনিটির সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, একজন পুলিশ সদস্য যদি এভাবে সাংবাদিককে হুমকি দেন, তাহলে বিষয়টা সত্যি উদ্বেগজনক। স্বাধীন সাংবাদিকতার কথা মুখে বললে হবে না, বাস্তবায়ন করতে সরকারের কঠোর ভূমিকা নিতে হবে। 

পটুয়াখালী জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবদুস সালাম আরিফ বলেন, ঘটনার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি, বিষয়টা দুঃখজনক। দ্রুত সময়ের মধ্যে ওই পুলিশ সদস্যের অপসারণ দাবি করেন তিনি। 

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।