![]() বেতাগীতে গভীর রাতে ডাকাতি, যুবক গুলিবিদ্ধ: আটক ৩
১৬ May ২০২৬ Saturday ৩:০৫:৪৩ PM
বেতাগী (বরগুনা) প্রতিনিধি: ![]() বরগুনার বেতাগী উপজেলার সদর ইউনিয়নের বেইলি ব্রিজ এলাকায় গভীর রাতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে সাবেক পুলিশ সদস্য মো. খলিলের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতদের গুলিতে মো. রিফাত বিন রিমন (২৫) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। আহত রিমনকে উন্নত চিকিৎসার জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন মো. সৌরভ (২৫), মো. সাইফুল ইসলাম (২০) ও ছগীর আলম (৪৫)। তবে তাঁদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১০ জনের একটি সশস্ত্র ডাকাত দল বাড়িতে প্রবেশ করে। এ সময় রিমন ডাকাতদের প্রতিরোধের চেষ্টা করেন এবং তাঁদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে ডাকাতেরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি তাঁর পায়ে লাগে। পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে প্রথমে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাঁকে বরিশালে পাঠানো হয়। আহত রিমন জানান, রাতের বেলা তাঁর মা ঘরের ভেতরে শব্দ শুনে চিৎকার দিলে তিনি এগিয়ে যান। তখন তিনি ঘরের মধ্যে কয়েকজন ডাকাতকে দেখতে পান। তিনি তাঁদের বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতেরা ঘর থেকে বেরিয়ে যায়। পরে বাইরে থেকে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এদিকে ধস্তাধস্তির একপর্যায়ে ডাকাত দল ঘর থেকে নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে পালিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন-অর-রশিদ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, ডাকাতির ঘটনায় এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। ডাকাতদের শনাক্ত, গ্রেপ্তার এবং লুট হওয়া মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

