" />
AmaderBarisal.com Logo

হামলার বিচার ও উপাচার্য অপসারণের দাবিতে পবিপ্রবিতে শিক্ষক-শিক্ষার্থীদের বিক্ষোভ


আমাদেরবরিশাল.কম

১৮ May ২০২৬ Monday ১১:০৪:৩৯ AM

দুমকি ((পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শিক্ষকদের ওপর হামলার বিচার এবং উপাচার্যের অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। রোববার (১৭ মে) দুপুর ১২টায় একাডেমিক ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়।

মিছিলপরবর্তী অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন- অধ্যাপক বদিউজ্জামান, অধ্যাপক ড. মাসুদুর রহমান এবং রেজিস্ট্রার অধ্যাপক ড. হাবিবুর রহমান প্রমুখ। বক্তারা এ সময় শিক্ষকদের ওপর হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলামের অপসারণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল রানা জনি বলেন, সাধারণ শিক্ষার্থীরা বর্তমান উপাচার্যকে কোনোভাবেই আর মেনে নেবে না। একই সঙ্গে শিক্ষকদের ওপর হামলার ঘটনায় বিচার নিশ্চিত করতে হবে।

পবিপ্রবির ডিন কাউন্সিলের কনভেনর অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান যুগান্তরকে বলেন, উপাচার্য অপসারণ ও হামলাকারীদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে।

এ বিষয়ে দুমকি থানার ওসি মোহাম্মদ সেলিম উদ্দিন জানান, আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত দুজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, গত ১১ মে উপাচার্যবিরোধী আন্দোলন চলাকালে পবিপ্রবির শিক্ষকদের ওপর হামলা চালায় দুমকি উপজেলা যুবদলের বহিষ্কৃত সদস্য সচিব সালাউদ্দিন রিপন শরীফের নেতৃত্বে বহিরাগতরা। 

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সহকারী নিরাপত্তা কর্মকর্তা মুকিত মিয়া বাদী হয়ে বিএনপির ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। একই সঙ্গে বিচার নিশ্চিত ও উপাচার্য অপসারণের দাবিতে লাগাতার কর্মসূচি পালন করছেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। এছাড়া বন্ধ রয়েছে ক্লাশ কার্যক্রম।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।