" />
AmaderBarisal.com Logo

বরিশালে ২০২৬ সালের এসএসসিতে ২০২৫ সালের প্রশ্ন, কেন্দ্র কমিটি বাতিল


আমাদেরবরিশাল.কম

১৮ May ২০২৬ Monday ২:০০:৪২ PM

নগর প্রতিনিধি:

চলমান এসএসসি পরীক্ষায় পরীক্ষার্থীদের দেয়া হয়েছে আগের বছরের প্রশ্নপত্র। চরম দায়িত্ব অবহেলার এ ঘটনা জানাজানি হওয়ার পর তাৎক্ষণিকভাবে ওই কেন্দ্রের পরীক্ষা কমিটি বাতিল করা হয়েছে। তবে ভুল প্রশ্নে পরীক্ষা দেয়ায় ফলাফল নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন ভুক্তভোগী পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা।

ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার (১৪ মে) বরিশাল শহরের রূপাতলী সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে। সেখানে ২০২৬ সালের পরীক্ষার্থীদের ২০২৫ সালের বহুনির্বাচনী (এমসিকিউ) প্রশ্নপত্র সরবরাহ করা হয়।

রোববার (১৭ মে) সকালে ভুক্তভোগী শিক্ষার্থীরা জানায়, রূপাতলী সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের দুটি কক্ষে ‘ব্যবসায় উদ্যোগ’ বিষয়ের পরীক্ষায় আগের বছরের এমসিকিউ প্রশ্নপত্র দেয়া হয়। ওই ভুল প্রশ্নপত্রেই পরীক্ষা সম্পন্ন হয়। পরীক্ষা শেষে বিষয়টি টের পেয়ে ক্ষোভ ও হতাশায় ভেঙে পড়ে তারা।

পরীক্ষার্থীদের দাবি, পুরনো বছরের সিলেবাস ও প্রশ্নপদ্ধতির ভিন্নতার কারণে তাদের পরীক্ষা আশানুরূপ হয়নি। এ অবস্থায় নতুন করে পরীক্ষা নেয়া কিংবা খাতা মূল্যায়নে বিশেষ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছে ভুক্তভোগী ওই ৪০ পরীক্ষার্থী।

এমন ঘটনায় ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন অভিভাবকরাও। শারমিন বেগম নামের এক অভিভাবক বলেন, ‘আমাদের সন্তানেরা দুই বছর ধরে কষ্ট করে প্রস্তুতি নিয়েছে। শিক্ষকদের এমন দায়িত্বহীনতার খেসারত কেন আমাদের ছেলে-মেয়েরা দেবে? আমরা এই ভুলের সুষ্ঠু সমাধান চাই, যাতে বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট না হয়।’

ভুল প্রশ্ন সরবরাহের বিষয়টি স্বীকার করে রূপাতলী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল ইসলাম এবং কেন্দ্র সচিব মাসুমা আখতার জানান, ‘অসাবধানতাবশত পুরনো বছরের প্রশ্নপত্র চলে এসেছিল। এটি একটি অনিচ্ছাকৃত ভুল। তবে দায়িত্ব অবহেলার বিষয়টি সামনে আসার পরপরই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরীক্ষা কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন করা হয়েছে।’

এ বিষয়ে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জি. এম. শহিদুল ইসলাম জানান, ‘কেন্দ্র সচিবসহ দায়ী শিক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হচ্ছে। একই সাথে ভুক্তভোগী পরীক্ষার্থীদের খাতা মূল্যায়নের ক্ষেত্রে বিশেষ বিবেচনা করা হবে, যাতে কোনো শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত না হয়।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী বলেন, ‘আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখছি। যে ৪০ জন পরীক্ষার্থী পুরনো প্রশ্নে পরীক্ষা দিয়েছে, তাদের খাতাগুলো আলাদাভাবে মূল্যায়ন করার নির্দেশ দেয়া হয়েছে। কোনো অবস্থাতেই পরীক্ষার্থীদের ভবিষ্যৎ ক্ষুণ্ন হতে দেয়া হবে না। এছাড়া দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে কঠোর শাস্তির মুখোমুখি করা হচ্ছে।’

বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে মোট ২১৬টি কেন্দ্রের মধ্যে ১৫টি কেন্দ্রে নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। এসব ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে শাস্তির সুপারিশ তৈরি করা হচ্ছে এবং দ্রুতই তা বাস্তবায়ন করা হবে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।