" />
AmaderBarisal.com Logo

বরিশালে নতুন রূপে সেজেছে বিনোদন কেন্দ্র, উচ্ছেদে দিশেহারা হাজারো হকার


আমাদেরবরিশাল.কম

১৮ May ২০২৬ Monday ৮:৫৪:১১ PM

নগর প্রতিনিধি:

নতুন রূপে সেজেছে বরিশাল নগরীর বিনোদন কেন্দ্রগুলো। বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ধারাবাহিক অভিযানে বেলস পার্ক, বিবির পুকুর পাড় ও চৌমাথা লেকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ফুটপাত এখন সম্পূর্ণ দখলমুক্ত। এতে নগরবাসী ও বিনোদন কেন্দ্রের দর্শনার্থীদের মাঝে স্বস্তি ফিরলেও, উচ্ছেদ হওয়া হাজারো ভাসমান ব্যবসায়ীর ভবিষ্যৎ ও কর্মসংস্থান নিয়ে দেখা দিয়েছে তীব্র সংশয়।

সরেজমিনে দেখা গেছে, বেলস পার্কের প্রবেশপথে বসানো হয়েছে সুদৃশ্য রেলিং গেট। একসময় যেখানে হকার ও অবৈধ দখলদারদের দৌরাত্ম্যে সাধারণ মানুষের হাঁটাচলাই ছিল দায়, সেখানে এখন বইছে স্বস্তির বাতাস।


বিবির পুকুর পাড় কিংবা চৌমাথা লেক, সবখানেই এখন উন্মুক্ত ও পরিচ্ছন্ন পরিবেশ। বিকেলে পরিবার আর শিশুদের নিয়ে সময় কাটাচ্ছেন নগরবাসী।


বেলস পার্কে বেড়াতে আসা নগরীর সদর রোডের বাসিন্দা নাসরিন আক্তার বলেন, ‘আগে এখানে এসে শান্তিতে বসার বা হাঁটার পরিবেশ ছিল না। চারদিকে চটপটি-ফুচকার দোকান আর হকারদের উচ্চ শব্দে কান পাতা যেত না। এখন অনেক পরিচ্ছন্ন লাগছে, বাচ্চাদের নিয়ে নির্ভয়ে হাঁটা যাচ্ছে। আমরা চাই এই পরিবেশ যেন সবসময় বজায় থাকে।’

​এ দিকে এই স্বস্তির উল্টো পিঠে রয়েছে হাজারো পরিবারের দুশ্চিন্তা।


সিটি করপোরেশনের তথ্যমতে, মহানগরী এলাকায় ভাসমান দোকানের সংখ্যা ছিল এক হাজারের বেশি। আকস্মিক এই উচ্ছেদে বিপুল সংখ্যক মানুষ কর্মসংস্থান হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন।


​বেলস পার্কের সামনে দীর্ঘদিন ধরে খেলনা বিক্রি করা মো. খলিল মিয়া হতাশা প্রকাশ করে বলেন, ‘হঠাৎ কইরা আমাগো দোকানগুলা ভাইঙ্গা দিল। এই দোকান দিয়াই আমার পাঁচজনের সংসার চলত, পোলাপানের পড়াশোনার খরচ চলত। এহন আমি কই যামু, কি করুম? আমাগো উচ্ছেদ করার আগে তো একটা ব্যবস্থা কইরা দেয়া উচিত আছিল।’

এ দিকে ​সচেতন মহলের মতে, পুনর্বাসন ছাড়া এই উচ্ছেদ অভিযান দীর্ঘস্থায়ী করা কঠিন হবে।


সুশাসনের জন্য নাগরিক (সুজন) বরিশাল জেলা কমিটির সম্পাদক রফিকুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, ‘ফুটপাত ও বিনোদনকেন্দ্র দখলমুক্ত করা অবশ্যই ইতিবাচক উদ্যোগ। তবে পুনর্বাসন ছাড়া এই উচ্ছেদ দীর্ঘস্থায়ী হবে কি না, তা নিয়ে সংশয় আছে। হঠাৎ এত মানুষ বেকার হয়ে পড়ায় নগরীতে অপরাধ বৃদ্ধির একটা আশঙ্কাও থেকে যায়। তাই মানবিক কারণে দ্রুত তাদের জন্য বিকল্প কর্মসংস্থান করা জরুরি।’


​এ বিষয়ে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বলেন, ‘নগরীর বেলস পার্কসহ গুরুত্বপূর্ণ বিনোদন কেন্দ্রগুলোকে আর কোনোভাবেই দখল হতে দেয়া হবে না। নগরবাসীকে একটি পরিচ্ছন্ন ও সুন্দর শহর উপহার দিতে আমরা বদ্ধপরিকর। তবে আমরা ভাসমান ব্যবসায়ীদের জীবিকার বিষয়টিও বিবেচনা করছি। তাদের পুনর্বাসনের জন্য ইতিমধ্যে পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।’



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।