" />
AmaderBarisal.com Logo

বরিশালে ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি মধু গ্রেপ্তার


আমাদেরবরিশাল.কম

১৮ May ২০২৬ Monday ৯:০৭:২৮ PM

নগর প্রতিনিধি:

বরিশাল নগরীর পলাশপুরে কিশোর গ্যাংয়ের হামলায় মৎস্য ব্যবসায়ী জসীম সিকদার বাবুকে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মধু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৮ মে) দুপুর পৌনে ২টার দিকে বরিশাল নগরীর টিয়াখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কাউনিয়া থানা পুলিশ।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সনজিত চন্দ্র নাথ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, তথ্যপ্রযুক্তি ব্যবহার এবং গোপন সংবাদের ভিত্তিতে দুপুর পৌনে ২টার দিকে টিয়াখালী এলাকায় অভিযান চালিয়ে বাবু হত্যা মামলার ১ নম্বর আসামি মধু মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। মধু পলাশপুর এলাকার বাসিন্দা। হত্যাকাণ্ডের পর থেকে সে নগরীর বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল। এ নিয়ে বাবু হত্যা মামলায় প্রধান আসামিসহ এখন পর্যন্ত ৩ জনকে গ্রেপ্তার করা হলো।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৫ মে রাত পৌনে ৩টার দিকে মাদক ব্যবসাকে কেন্দ্র করে দুই সন্তানের জনক জসিম শিকদার বাবুকে বাসা থেকে পলাশপুর কলোনির ৭ নম্বর গলিতে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করে কিশোর গ্যাংয়ের সদস্যরা। পেশায় মৎস্য ব্যবসায়ী বাবু ওই এলাকার কালাম শিকদারের ছেলে।

হত্যাকাণ্ডের দিনই সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার সঙ্গে জড়িত কিশোর গ্যাংয়ের দুই সদস্য সিয়াম ও শহীদকে গ্রেপ্তার করে কাউনিয়া থানা পুলিশ। পরবর্তীতে এ ঘটনায় হত্যাকাণ্ডে নেতৃত্ব দেওয়া যুবলীগ কর্মী মধু মিয়াসহ ৫ জনের নাম উল্লেখ করে এবং বেশ কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করে কাউনিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

এদিকে মামলার প্রধান আসামি মধু মিয়াসহ অন্য আসামিরা গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ জানিয়ে গতকাল রোববার দুপুরের দিকে বরিশাল নগরীর প্রাণকেন্দ্র সদর রোড অবরোধ করে বিক্ষোভ করেন এলাকাবাসী। পরে পুলিশ আসামিদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন। এর ২৪ ঘণ্টার মধ্যেই প্রধান আসামি মধুকে আইনের আওতায় আনলো পুলিশ।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।