" />
AmaderBarisal.com Logo

সুন্দরবনে জলদস্যুদের হানা, ১২ জেলেসহ ট্রলার অপহরণ


আমাদেরবরিশাল.কম

২০ May ২০২৬ Wednesday ৭:৫২:৫৮ PM

পাথরঘাটা ((বরগুনা) প্রতিনিধি:

বঙ্গোপসাগরের সুন্দরবন সংলগ্ন কটকা এলাকা থেকে মাছ ধরার সময় ১২ জেলেসহ একটি ইঞ্জিনচালিত ট্রলার অপহরণ করেছে জলদস্যুরা। 

বুধবার (২০ মে) দুপুর দেড়টার দিকে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে মঙ্গলবার রাত সাড়ে ৯টা থেকে ১২টার মধ্যে এ অপহরণের ঘটনা ঘটে। তবে কোন বাহিনী অপহরণ করেছে তা জানা যায়নি।

অপহৃত জেলেরা হলেন- ট্রলার মালিক মো.  মাসুম, মো. ইব্রাহিম (৩৮), ইয়াসিন (২৪), মো. হোসেন, তাওহীদ (২২), মো. সেলিম, মো. ইয়াসিন (১৮), মো. জাকির মুন্সি (৫৫), মো. হানিফা (৩৫), হৃদয় (২৪) ও সুমন (৩০)। 

তাদের সবার বাড়ি পাথরঘাটা উপজেলার রুহিতা গ্রামে বলে জানা গেছে। ঘটনার পর থেকে অপহৃত জেলেদের কোনো সন্ধান না পাওয়ায় তাদের পরিবারে চরম উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।

স্থানীয় ও ট্রলার মালিক সমিতি সূত্রে জানা গেছে, গত ২ থেকে ৩ দিন আগে নামবিহীন কাঠের তৈরি তিনটি ইঞ্জিনচালিত ট্রলারে করে রুহিতা এলাকা থেকে জেলেরা গভীর সাগরে মাছ শিকার করতে যান। গতকাল (মঙ্গলবার) রাতে সুন্দরবন সংলগ্ন কটকা এলাকায় একদল সশস্ত্র জলদস্যু ওই ট্রলারগুলোতে অতর্কিত হামলা চালায়। দস্যুরা ট্রলারে থাকা জেলেদের জিম্মি করে ১২ জন জেলেসহ একটি ট্রলার নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে গভীর বনের দিকে চলে যায়। তবে জলদস্যুরা জেলে ও ট্রলারটিকে কোথায় নিয়ে গেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর থেকে স্বজনদের ভাগ্যে কী ঘটেছে, তা ভেবে পরিবারগুলো দিশেহারা হয়ে পড়েছে। 

মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি মোস্তফা বলেন, সুন্দরবনের কটকা এলাকা থেকে ১২ জেলেসহ একটি ট্রলার জলদস্যুরা অপহরণ করে নিয়ে গেছে। জেলেদের উদ্ধারে মৎস্যজীবী সমিতির পক্ষ থেকে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী ও কোস্ট গার্ডের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালানো হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জিম্মি জেলেদের উদ্ধার এবং দস্যুদের দমনে দ্রুত অভিযান শুরু হবে বলে আশা করছেন তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক কোস্টগার্ডের এক কর্মকর্তা বলেন, বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। জেলেদের উদ্ধারে মংলা এবং পাথরঘাটা কোস্টগার্ড যৌথভাবে কাজ করছে।

পাথরঘাটা থানার ওসি ইনামুল হক বলেন, জেলে অপহরণের বিষয়টি আমরা জেনেছি। তাদের উদ্ধারে আমরা কাজ করছি।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।