" />
AmaderBarisal.com Logo

শিশু রামিসা হত্যা : গলাচিপায় প্রধানমন্ত্রীর উদ্দেশে শিক্ষার্থীর খোলা চিঠি


আমাদেরবরিশাল.কম

২৩ May ২০২৬ Saturday ৮:৪৩:২৫ PM

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যার বিচার এবং সারা দেশে নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার প্রতিবাদে পটুয়াখালীর গলাচিপায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে খোলা চিঠি পাঠ করেছে এক শিক্ষার্থী।

শনিবার (২৩ মে) সকাল ১১টায় গলাচিপা সরকারি কলেজ মাঠের পশ্চিম পাশে গলাচিপা দারুল কুরআন নুরানী মাদরাসার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

এ সময় উম্মে তাইয়েবা নামের এক শিক্ষার্থী প্রধানমন্ত্রীর উদ্দেশে একটি খোলা চিঠি পাঠ করেন। চিঠিতে তিনি বলেন, ‘আজ আমার বুকটা কান্নায় ফেটে যাচ্ছে। আমার মতোই ছোট নিষ্পাপ রামিসাকে আমাদের মাঝ থেকে নির্মমভাবে কেড়ে নেওয়া হয়েছে।সে আর কোনোদিন তার মায়ের কোলে ফিরবে না, কোনোদিন স্কুলে যাবে না।’

চিঠিতে আরো বলা হয়, ‘মাননীয় প্রধানমন্ত্রী, আপনি তো আমাদের দেশের সব শিশুর অভিভাবক। রামিসার কী দোষ ছিল? আজ তার বাবা-মায়ের কান্না দেখে আমাদের নিজেদের মায়ের চোখও পানিতে ভরে যাচ্ছে। আমরা তো শুধু একটু নিরাপদে বাঁচতে চেয়েছিলাম।’

ওই শিক্ষার্থী চিঠিতে রামিসা হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি দাবি করে বলেন, ‘এমন কঠোর শাস্তি দিন, যেন আর কোনো অপরাধী কোনো শিশুর দিকে হাত বাড়ানোর সাহস না পায়। আমরা আর কোনো বোনকে এভাবে হারাতে চাই না। আমরা দ্রুত বিচার চাই।’

এ ছাড়া সমাবেশে আরো বক্তব্য দেন মাদরাসাটির প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুহাম্মদ শফিকুল ইসলাম, আস-সুন্নাহ ফাউন্ডেশনর গলাচিপা উপজেলা প্রতিনিধি মাওলানা মো. মাহমুদুল হাসান এবং গলাচিপা উপজেলা ইমাম পরিষদের দপ্তর সম্পাদক হাফেজ মাওলানা মো. জাহিদুল ইসলামসহ আরো অনেকে।

এ সময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, শিশু রামিসার মর্মান্তিক হত্যাকাণ্ড পুরো সমাজকে নাড়িয়ে দিয়েছে। নারী ও শিশুদের ওপর সহিংসতা, ধর্ষণ ও হত্যার মতো নৃশংস ঘটনা দিন দিন বৃদ্ধি পাওয়ায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সমাবেশে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধীদের দ্রুত বিচার কার্যকর করা এবং সমাজে মানবিক মূল্যবোধ ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।