" />
AmaderBarisal.com Logo

বাড়তি ভাড়ার প্রতিবাদে মারধর, ভোলা লঞ্চঘাটে প্ল্যাকার্ড হাতে ২ যুবকের অবস্থান


আমাদেরবরিশাল.কম

২৪ May ২০২৬ Sunday ৮:০৭:২১ PM

ভোলা প্রতিনিধি:

ঢাকা-ভোলা নৌ রুটে বাড়তি ভাড়া নিয়ে বাগবিতণ্ডার জেরে এক যাত্রীকে মারধরের অভিযোগ উঠেছে এমভি ফারহান-৯ লঞ্চের স্টাফদের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে যাত্রী হয়রানি, অতিরিক্ত ভাড়া আদায় ও নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে ভোলার ইলিশা লঞ্চঘাটে প্ল্যাকার্ড হাতে অবস্থান কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগীসহ দুই যুবক।

রবিবার (২৪ মে) দুপুরে ইলিশা লঞ্চঘাট এলাকায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। এ সময় সাধারণ যাত্রীরাও তাদের সঙ্গে সংহতি প্রকাশ করে অংশ নেন। পরে ভোলা জেলা প্রশাসকের কাছে ১৪ দফা দাবিসংবলিত একটি স্মারকলিপি জমা দেওয়া হয়।

ভুক্তভোগী মো. আব্দুর রহমান ভোলা সদরের রাজাপুর ইউনিয়নের মেদুয়া গ্রামের বাসিন্দা।তিনি অভিযোগ করে বলেন, গতকাল শনিবার (২৩ মে) দুপুরে ঢাকা থেকে ভোলার উদ্দেশে ছেড়ে আসা এমভি ফারহান-৯ লঞ্চে সদরঘাটে থাকা অবস্থায় যাত্রীদের কাছ থেকে ৩০০ টাকা ভাড়া নেওয়া হয়। তবে পরে কালিগঞ্জ এলাকায় পৌঁছালে স্টাফরা জানান, কালীগঞ্জ পর্যন্ত ভাড়া ৩০০ টাকা হলেও ইলিশা পর্যন্ত যেতে ৩৫০ টাকা দিতে হবে।

আব্দুর রহমান বলেন, অতিরিক্ত ভাড়ার প্রতিবাদ করলে লঞ্চ স্টাফদের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে তাকে লঞ্চে আটকে রেখে ইলিশা ঘাটে পৌঁছানোর পর সংঘবদ্ধভাবে মারধর করা হয়।এতে তিনি শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে দাবি করেন।

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া সাধারণ যাত্রীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ভোলা-ঢাকা নৌ রুটে অতিরিক্ত ভাড়া আদায়, সিট বাণিজ্য, যাত্রী হয়রানি ও নিরাপত্তাহীনতার ঘটনা ঘটছে। বিভিন্ন সময় অভিযোগ জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি তাদের।

যাত্রীদের উত্থাপিত ১৪ দফা দাবির মধ্যে রয়েছে—ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, যাত্রী নিরাপত্তা নিশ্চিত করা, অতিরিক্ত যাত্রী বহন বন্ধ, পর্যাপ্ত লাইফ জ্যাকেট ও লাইফ বয়া সরবরাহ, প্রতিটি লঞ্চে সিসিটিভি স্থাপন, নৌ-পুলিশ ও কোস্টগার্ডের টহল বৃদ্ধি, ঘাট এলাকায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা, দক্ষ স্টাফ নিয়োগ, বৈরী আবহাওয়ায় ঝুঁকিপূর্ণ লঞ্চ চলাচল বন্ধ, জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত এবং নারী, শিশু ও বয়স্কদের জন্য নিরাপদ জোন চালু করা।

কর্মসূচিতে অংশ নেওয়া মো. ইমরান বলেন, নৌপথে যাত্রীদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করতে প্রশাসন, বিআইডব্লিউটিএ, নৌ-পুলিশ ও লঞ্চ মালিকদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এ বিষয়ে বক্তব্য জানতে এমভি ফারহান-৯ লঞ্চের অফিসিয়াল মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান বলেন, ‘ভোলা-ঢাকা নৌরুটে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন কাজ করছে। অতিরিক্ত ভাড়া আদায় ও অতিরিক্ত যাত্রী বহন ঠেকাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিটি ঘাটে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।’



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।