![]() ভোলার ১৪ গ্রামের ৫ হাজার পরিবারে আজ ঈদ
২৭ May ২০২৬ Wednesday ২:০২:০৯ PM
ভোলা প্রতিনিধি: ![]() ভোলার পাঁচ উপজেলার ১৪টি গ্রামের প্রায় পাঁচ হাজার পরিবার একদিন আগে আজ বুধবার ঈদুল আজহা উদ্যাপন করেছে। বুধবার সকাল ৮টায় বোরহানউদ্দিন উপজেলার টবগী গ্রামের মজনু মিয়ার বাড়ির আঙিনায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে ইমামতি করেন মাওলানা মো. ইয়াছিন। সুরেশ্বর দরবার পিরের মুরিদ রাশেদুল ইসলাম বাবু এ তথ্য জানিয়েছেন। তিনি শরিয়তপুরের নুরিয়া উপজেলার দরবারে আউলিয়ার সুরেশ্বর দরবার পিরের মুরিদ ও ভোলা জেলার দায়িত্বে নিয়োজিত খলিফা মৃত মজনু মিয়ার ছোট ছেলে। মজনু মিয়া মারা যাওয়ার পর তার ছোট ছেলে রাশেদুল ইসলাম বাবু এই দায়িত্ব পালন করছেন। জানতে চাইলে রাশেদুল ইসলাম বাবু আজকের পত্রিকাকে বলেন, ভোলা জেলার পাঁচ উপজেলার ১৪টি গ্রামের প্রায় পাঁচ হাজার পরিবার সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহা উদ্যাপন করবেন। তাই সকাল ৮টায় বোরহানউদ্দিন উপজেলার টবগী গ্রামে আমাদের নিজ বাড়ির আঙিনায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে। মাওলানা মো. ইয়াছিন এই জামাতে ইমামতি করেছেন। একই সঙ্গে গ্রামের চৌকিদার বাড়ির জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় এবং পঞ্চায়েত বাড়ির জামে মসজিদে সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এ ছাড়া সকাল ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে জেলার বিভিন্ন জায়গায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে তজুমদ্দিন উপজেলার ছালাম মেম্বার বাড়ি, আব্দুল্লাহ মাঝি বাড়ি, লালমোহন উপজেলার লাঙ্গলখালীর পশ্চিম পাশে পাটোয়ারী বাড়ির জামে মসজিদ সংলগ্ন এলাকায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। তিনি আরও জানান, ভোলা সদর উপজেলার ইলিশা ও রতনপুর গ্রাম; বোরহানউদ্দিন উপজেলার টবগী ও মুলাইপত্তন গ্রাম; তজুমদ্দিন উপজেলার শিবপুর, খাসেরহাট, চাঁদপুর ও চাঁচড়া গ্রাম; লালমোহন উপজেলার পৌর শহর, ফরাজগঞ্জ গ্রাম এবং চরফ্যাশন উপজেলার পৌর শহর, দুলারহাট, ঢালচর ও চর পাতিলা গ্রামের প্রায় পাঁচ হাজার পরিবার প্রতি বছর একদিন আগেই ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করে থাকেন। সুরেশ্বর পীরের মুরিদ ছাড়াও চট্টগ্রামের সাতকানিয়া এবং ভান্ডারি শরিফ পিরের মুরিদ এসব পরিবারের সদস্যরা শতাধিক বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগে রোজা ও দুই ঈদ পালন করে আসছেন। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

