![]() ছয় ঘণ্টায় কোরবানির বর্জ্য অপসারণ করবে বিসিসি
২৭ May ২০২৬ Wednesday ৫:৪৫:৫১ PM
নগর প্রতিনিধি: ![]() ঈদুল আজহায় কোরবানির প্রথম দিন মাত্র ছয় ঘণ্টার মধ্যে ৩০টি ওয়ার্ডের প্রায় ২৫০ টন বর্জ্য শতভাগ অপসারণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)। ঈদের দিন বৃহস্পতিবার বেলা ১২টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে পশুর বর্জ্য দ্রুত ও সুশৃঙ্খলভাবে অপসারণে নেওয়া হয়েছে বিশেষ মহাপরিকল্পনা। বরিশাল সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মকর্তা মো. ইউসুফ আলী বর্জ্য অপসারণের লক্ষ্যমাত্রার বিষয়টি নিশ্চিত করে জানান, নগর প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীনের নির্দেশনায় এই মহাপরিকল্পনা নেওয়া হয়েছে। ঈদুল আজহা আনন্দপূর্ণ ও স্বাস্থ্যকর পরিবেশে উদযাপনের লক্ষ্যে ২০ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে নগর কর্তৃপক্ষ।প্রথমবারের মতো কোরবানির বর্জ্য সংরক্ষণ করে জৈব সার তৈরির উদ্যোগও নেওয়া হয়েছে। তিনি জানান, কোরবানির দিন বরিশাল সিটি করপোরেশনের ৩০টি ওয়ার্ডে একযোগে ৭০০ জন পরিচ্ছন্নতাকর্মী নিয়োজিত থাকবেন।এ ছাড়া জরুরি পরিস্থিতি মোকাবিলায় ৫টি ভ্রাম্যমাণ পরিচ্ছন্নতা টিম গঠন করা হয়েছে। বর্জ্য দ্রুত অপসারণের জন্য ১০টি অতিরিক্ত ডাম্প ট্রাক এবং বর্জ্য লোডের জন্য ৩টি লোডার সার্বক্ষণিক কাজ করবে।বর্জ্য অপসারণ শেষে রাস্তাঘাট ধুয়ে রক্ত ও ময়লা পরিষ্কারে নিয়োজিত থাকবে ৩টি পানিবাহী গাড়ি। কোরবানিদাতাদের মাঝে বিতরণের জন্য পাঁচ হাজার বিশেষ বস্তা বা ব্যাগ ক্রয় করেছে সিটি করপোরেশন। এছাড়া কোরবানির স্থান দ্রুত জীবাণুমুক্ত করতে এক হাজার কেজি ব্লিচিং পাউডার বিতরণের পরিকল্পনাও রয়েছে। সেইসঙ্গে যত্রতত্র পশু জবাই বন্ধে ৩০টি ওয়ার্ডে মোট ২০২টি নির্ধারিত পশু জবাইয়ের স্থান চূড়ান্ত করা হয়েছে। এছাড়া পশু জবাই ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা তৈরিতে ৩০টি ওয়ার্ডে লিফলেট বিতরণ এবং সিটি করপোরেশনের ওয়েবসাইটে প্রচার চালানো হচ্ছে। অপরদিকে ঈদের আগে তিন দিনব্যাপী নগরজুড়ে মাইকিং শুরু হয়েছে। ইতোমধ্যে জুমার নামাজের আগে মসজিদের ইমামদের মাধ্যমে মুসল্লিদের সচেতন করেছে পরিচ্ছন্নতা বিভাগ। সুষ্ঠুভাবে কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় তদারকি, সচেতনতা ও অভিযোগ কেন্দ্র চালু করা হয়েছে। মাঠপর্যায়ে পরিচ্ছন্নতা পরিদর্শক ও ওয়ার্ড সুপারভাইজাররা ৩০টি ওয়ার্ডে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। সাধারণ মানুষের সুবিধার্থে মোবাইল নম্বর ওয়েবসাইটে প্রকাশ করা হচ্ছে। কোথাও কোনো অভিযোগ থাকলে নাগরিকরা দ্রুত মোবাইল নম্বরে জানালে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে নগর কর্তৃপক্ষ। পাশাপাশি বর্জ্য অপসারণসংক্রান্ত যেকোনো সমস্যা সরাসরি জানাতে স্থাপন করা হয়েছে একটি অভিযোগ কেন্দ্র। অন্যদিকে কোরবানির পশুর বিপুল পরিমাণ বর্জ্য ফেলে না দিয়ে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে জৈব সার তৈরির বিশেষ পরিকল্পনাও গ্রহণ করেছে সিটি করপোরেশন। বরিশাল সিটি করপোরেশন প্রতিষ্ঠার পর এটিই প্রথম এমন উদ্যোগ বলে জানিয়েছেন প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী। নাগরিকদের যেন কোনো ধরনের দুর্ভোগ পোহাতে না হয় এবং বরিশাল নগরকে পরিচ্ছন্ন রাখতে নগর কর্তৃপক্ষ এই মহাপরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন। প্রশাসক বলেন, পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে ঈদের দিনেই নগরবাসী একটি পরিচ্ছন্ন ও দুর্গন্ধমুক্ত শহর উপহার পাবেন। এই বিশাল কর্মযজ্ঞ সফল করতে নগরবাসীর সহযোগিতাও কামনা করেছেন তিনি। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

