" />
AmaderBarisal.com Logo

কাউখালীতে প্রতিবেশীর সঙ্গে সংঘর্ষে আহত বৃদ্ধের মৃত্যু


আমাদেরবরিশাল.কম

৪ June ২০২৬ Thursday ২:৪৭:৫১ PM


কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা : পিরোজপুরের কাউখালী উপজেলার ছোট বিড়ালজুড়ি এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীর সঙ্গে সংঘর্ষে আহত মোবাশ্বের হাওলাদার (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) ভোরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।


নিহত মোবাশ্বের হাওলাদার উপজেলার ছোট বিড়ালজুড়ি গ্রামের নজেব আলী হাওলাদারের ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রবিবার (৩১ মে) বিকেলে মোবাশ্বের হাওলাদারের জমির বেড়া ভেঙে ছাগল প্রবেশ করে ফসলের ক্ষতি করে। এ ঘটনাকে কেন্দ্র করে ছাগলের মালিক রসুল হাওলাদারের সঙ্গে তার কথা-কাটাকাটি ও ঝগড়ার সৃষ্টি হয়। একপর্যায়ে রসুল হাওলাদার তাকে লাঠি দিয়ে আঘাত ও কিল-ঘুষি মারেন বলে অভিযোগ করেন স্বজনরা।


মোবাশ্বের হাওলাদারের চিৎকারে পরিবারের সদস্যরা এগিয়ে এলে অভিযুক্ত রসুল হাওলাদার ও তার পরিবারের সদস্যরা তাদেরও হুমকি দেন বলে অভিযোগ করা হয়। এ সময় সংঘর্ষে বাঁশের লাঠির আঘাতে মোবাশ্বের হাওলাদার গুরুতর আহত হন।
পরে তাকে উদ্ধার করে প্রথমে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়।


কাউখালী থানার পরিদর্শক (তদন্ত) মো. এবাদ আলী মোল্লা জানান, প্রতিবেশীর সঙ্গে ঝগড়ার একপর্যায়ে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোবাশ্বের হাওলাদার নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।