" />
AmaderBarisal.com Logo

বিয়ের ভোজে রোস্টকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩


আমাদেরবরিশাল.কম

৫ June ২০২৬ Friday ১০:৩৮:২৩ PM

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:


পটুয়াখালীর বাউফলে একটি বিয়ের অনুষ্ঠানে খাবার পরিবেশনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন। শুক্রবার (৫ জুন) দুপুর ৩টার দিকে উপজেলার দাশপাড়া ইউনিয়নের একটি বিয়ের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন পলাশ মোল্লা (২৯), জুলহাস মোল্লা (২৫) ও রাসেল মোল্লা (২২)। তাদের মধ্যে রাসেল মোল্লা গুরুতর আহত হয়েছেন। তার বাম চোখের পাশে আঘাতের চিহ্ন রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দাশপাড়া ইউনিয়নের মোহন ও বিথী আক্তারের বিয়ের অনুষ্ঠান চলাকালে অতিথিদের খাবার পরিবেশন করা হচ্ছিল। এ সময় ছেলে পক্ষের একজন অতিথি কনের চাচা রাসেল মোল্লার কাছে অতিরিক্ত একটি মুরগির রোস্ট চান। রোস্ট পরিবেশন নিয়ে উভয় পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বিষয়টি নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনজন আহত হন।
পরে উপস্থিত স্বজন ও স্থানীয়রা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আহতদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হয়।
বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রউফ বলেন, “রাসেল মোল্লার বাম চোখের পাশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন।”
কনের মামা বাবলু আকন অভিযোগ করে বলেন, “আলম প্যাদা রোস্ট চাওয়ার পর কথা কাটাকাটির সৃষ্টি হয়। পরে তিনি হামলা চালালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।”
তবে অভিযুক্ত পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, “ঘটনাটি সম্পর্কে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানি না। বিষয়টি খোঁজখবর নেওয়া হচ্ছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।