![]() বরগুনার আমতলীতে সড়ক দুর্ঘটনায় শ্যালক-দুলাভাই নিহত
৬ June ২০২৬ Saturday ১:০৫:৩১ PM
আমতলী (বরগুনা) প্রতিনিধি: ![]() বরগুনার আমতলীতে যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী শ্যালক-দুলাভাই নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। শুক্রবার (৫ জুন) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের শাখারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার লালুয়া গ্রামের মধু হাওলাদারের ছেলে মো. সজীব হাওলাদার (২৫) এবং তাঁর শ্যালক সাইফুল ইসলাম (১৬)। আহত হয়েছে সাইফুল ইসলামের ছোট ভাই আছাদুল ইসলাম (১৪)। তিনি বর্তমানে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ ও নিহতদের পারিবারিক সূত্রে জানা গেছে, সজীব হাওলাদার তাঁর দুই শ্যালক সাইফুল ইসলাম ও আছাদুল ইসলামকে নিয়ে মোটরসাইকেলে আমতলীর শাখারিয়া এলাকা থেকে কলাপাড়ার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে শাখারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে কুয়াকাটা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী ‘গাজী সম্রাট পরিবহনে’র একটি বাস তাঁদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক সজীব হাওলাদারের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় সাইফুল ইসলাম ও আছাদুল ইসলামকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সাইফুল ইসলামের মৃত্যু হয়। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ মো. হাচনাইন বলেন, ‘কুয়াকাটা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই একজন নিহত হন। আহত দুজনকে হাসপাতালে পাঠানো হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসের চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’ সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

