" />
AmaderBarisal.com Logo

পটুয়াখালীতে ১০০ ফুটের আর্জেন্টিনার পতাকা ও মেসির অবয়ব নিয়ে বিশাল শোভাযাত্রা


আমাদেরবরিশাল.কম

৯ June ২০২৬ Tuesday ১:০২:৩৫ PM

পটুয়াখালী প্রতিনিধি:

বিশ্বকাপ ফুটবলের সবচেয়ে বড় আসরকে সামনে রেখে ফুটবল প্রেমিদের উন্মাদনা ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। এরই ধারাবাহিকতায় পটুয়াখালীর কলাপাড়ায় বৃষ্টি উপেক্ষা করে ১০০ ফুট দৈর্ঘ্যের আর্জেন্টিনার জাতীয় পতাকা এবং মেসির ২০ ফুট লম্বা অবয়ব নিয়ে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন আর্জেন্টিনার সমর্থকরা।

সোমবার (৮ জুন) সন্ধ্যার আগে কলাপাড়া পৌর শহরের হেলিপ্যাড মাঠ থেকে শোভাযাত্রাটি বের করা হয়। আর্জেন্টিনা ফ্যান ক্লাবের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক মোটরসাইকেল অংশ নেয়। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা আর্জেন্টিনার জার্সি, পতাকা ও ব্যানার বহন করেন। এ সময় ‘আর্জেন্টিনা, আর্জেন্টিনা’ এবং ‘মেসি, মেসি’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শহর।


শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় খেলার মাঠে গিয়ে শেষ হয়। বৃষ্টির মধ্যেও সমর্থকদের উচ্ছ্বাসে কোনো ভাটা পড়েনি। রাস্তার দুপাশে দাঁড়িয়ে অসংখ্য মানুষ শোভাযাত্রা উপভোগ করেন এবং অনেকেই মোবাইল ফোনে ভিডিও ও ছবি ধারণ করেন।

এর আগে হেলিপ্যাড মাঠে শিশু-কিশোর, তরুণ এবং বিভিন্ন বয়সী হাজারো আর্জেন্টিনা সমর্থকের উপস্থিতিতে এক মিলনমেলার পরিবেশ সৃষ্টি হয়। সমর্থকদের অনেকেই মুখে আর্জেন্টিনার পতাকার রঙ এঁকে এবং প্রিয় তারকা মেসির ছবি সংবলিত ব্যানার নিয়ে অনুষ্ঠানে অংশ নেন।


আয়োজকরা জানান, ফুটবল বিশ্বকাপকে ঘিরে আর্জেন্টিনা দলের প্রতি ভালোবাসা ও সমর্থন প্রকাশের লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। বিশ্বকাপে আর্জেন্টিনার সাফল্য কামনা করে ভবিষ্যতেও বিভিন্ন কর্মসূচি আয়োজনের পরিকল্পনা রয়েছে বলেও জানান তারা।


স্থানীয় বাসিন্দারা জানান, কলাপাড়ায় এর আগে এত বড় পরিসরে কোনো ফুটবল সমর্থকদের শোভাযাত্রা দেখা যায়নি। বৃষ্টি উপেক্ষা করে হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আয়োজনটিকে আরও প্রাণবন্ত করে তুলেছে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।