" />
AmaderBarisal.com Logo

গলাচিপায় শিশু ও কিশোরীর মরদেহ উদ্ধার


আমাদেরবরিশাল.কম

৯ June ২০২৬ Tuesday ৫:৪৭:০৮ PM

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:

গলাচিপায় পৃথক স্থান থেকে শিশু ও কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এদের মধ্যে শিশু মাঈনুলকে (৮) ডোবা থেকে ও কিশোরী লামিয়া আক্তার সুমাইয়ার মরদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

এসব ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইমতিয়াজ আহমেদ।

ওসি জানান, মঙ্গলবার ভোর ৫টার দিকে গলাচিপা উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের একটি ডোবা থেকে মনির খানের ছেলে মাঈনুলের মরদেহ উদ্ধার করা হয়। তবে এখন পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ উদঘাটন করা সম্ভব হয়নি।

স্থানীয়রা জানায়, সোমবার সন্ধ্যায় মাঈনুল গলাচিপা উপজেলা সদরের উদ্দেশ্যে কলাগাছিয়া ইউনিয়নের নিজ বাড়ি থেকে বের হয়। মঙ্গলবার সকালে চৌরাস্তার কালভার্টের সামনে ডোবায় তার মরদেহ দেখা যায়। 

এদিকে, গলাচিপা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের শান্তিবাগ এলাকায় দুপুর ১১টার দিকে লামিয়া আক্তার সুমাইয়া (২০) নামের কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করে গলাচিপা থানা পুলিশ। লামিয়া গলাচিপা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কলাবাগান এলাকার আলমগীর শিকদারের মেয়ে।

লামিয়ার বান্ধবী সানজিদা জানায়, লামিয়া কথা নামের কিশোরীর সঙ্গে বিভিন্ন জায়গায় নৃত্য করত। কথা ভোলা থেকে ফোন দিয়ে সাজিদাকে জানায়- লামিয়া নাকি গলায় দড়ি দিবে তুই একটু বাসার দিকে যা। এরপর সানিজদা বাসায় আসার পর ঘরের টিনের ফাঁক দিয়ে দেখে লামিয়া দাঁড়িয়ে আছে, চেয়ার নিচে পড়ে আছে। পরে তার ডাক চিৎকারে লোকজন ছুটে আসে। 

সানজিদা জানান, লামিয়া ৫-৬ দিন আগে গলাচিপায় আসে।এরপর থেকে সে ভাড়া বাসায় কথার সঙ্গেই থাকত।

স্থানীয় বাসিন্দা শাহিদা জানান, লামিয়া ঢাকাতে থাকে। সেখানে ড্যান্স (নৃত্য) করে বলে শুনেছি। গত ৫-৬ দিন আগে গলাচিপায় আসে। আজ সকালে তার গলায় ফাঁস দেওয়ার খবর শুনে আসি। এর বেশি কিছু আমরা জানি না।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইমতিয়াজ আহমেদ বলেন, শিশু মাঈনুল ও কিশোরী লামিয়ার মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মৃত্যুর কারণ উদঘাটন করা সম্ভব হয়নি। এসব বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।