" />
AmaderBarisal.com Logo

গেজেট প্রকাশ: কুয়াকাটায় ৪,২৪০ বর্গ কি.মি সামুদ্রিক সংরক্ষিত অঞ্চল


আমাদেরবরিশাল.কম

৯ June ২০২৬ Tuesday ৬:৫০:২১ PM

কলাপাড়া ((পটুয়াখালী) প্রতিনিধি:

দেশের সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণ, মৎস্যসম্পদ রক্ষা এবং টেকসই সমুদ্র ব্যবস্থাপনার লক্ষ্যে পটুয়াখালীর কুয়াকাটা উপকূলসংলগ্ন বঙ্গোপসাগরের বিশাল জলসীমাকে ‘কুয়াকাটা সামুদ্রিক সংরক্ষিত এলাকা’ হিসেবে ঘোষণা করেছে সরকার।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন মঙ্গলবার (২ জুন) বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়।সামুদ্রিক মৎস্য আইন, ২০২০-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী এ ঘোষণা দেওয়া হয়েছে।
গেজেট অনুযায়ী, ৪ হাজার ২৪০ বর্গকিলোমিটার জলসীমা নিয়ে গঠিত এ সংরক্ষিত এলাকার গভীরতা হবে সর্বোচ্চ ২০ মিটার পর্যন্ত।এর নাম নির্ধারণ করা হয়েছে ‘কুয়াকাটা সামুদ্রিক সংরক্ষিত এলাকা (Kuakata Marine Protected Area)’।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সংরক্ষিত এলাকার উত্তর সীমায় রয়েছে বর্তমান উপকূলরেখা এবং তেঁতুলিয়া, গলাচিপা ও আন্ধারমানিক নদীর মোহনা।দক্ষিণে বঙ্গোপসাগরের প্রায় ২০ মিটার গভীরতাসম্পন্ন জলসীমা, পূর্বে নিঝুম দ্বীপ সামুদ্রিক সংরক্ষিত এলাকা এবং পশ্চিমে সোয়াচ অব নো-গ্রাউন্ড সামুদ্রিক সংরক্ষিত এলাকা অবস্থিত।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ ঘোষণা সামুদ্রিক মাছের প্রজনন ক্ষেত্র সংরক্ষণ, বিপন্ন সামুদ্রিক প্রাণী রক্ষা এবং উপকূলীয় পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।পাশাপাশি কুয়াকাটাকে কেন্দ্র করে সামুদ্রিক গবেষণা, ইকো-ট্যুরিজম এবং টেকসই মৎস্য ব্যবস্থাপনার নতুন সম্ভাবনাও সৃষ্টি হবে।

বিশেষজ্ঞদের মতে, বঙ্গোপসাগরের জীববৈচিত্র্য সংরক্ষণে সরকারের এটি একটি যুগান্তকারী পদক্ষেপ, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য সামুদ্রিক সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।