" />
AmaderBarisal.com Logo

বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব


আমাদেরবরিশাল.কম

৯ June ২০২৬ Tuesday ১০:৫০:২৩ PM

নগর প্রতিনিধি:

পুলিশি অনুমতি না পাওয়ায় নির্ধারিত ভেন্যুতে সভা করতে না পারায় জাতীয় পার্টির (জাপা) মহাসচিব ব্যারিস্টার শামীম পাটোয়ারী বলেছেন, প্রশাসনিক জটিলতার কারণে বরিশাল ক্লাবের বদলে তাঁদের বিকল্প ভেন্যুতে আসতে হয়েছে। 

জাপা মহাসচিব বলেন, ‘আমরা মনে করি, সরকারের উচিত সংসদের ভেতরের কিংবা বাইরের কোনো দলকে রাজনৈতিক কোনো কর্মসূচি করতে বাধা না দেওয়া। কারণ, গণতন্ত্রের একটি কুঠারাঘাত আরও ১০টি কুঠারাঘাত সৃষ্টি করবে এবং আস্তে আস্তে গণতান্ত্রিক পরিবেশ খারাপ হবে।’

আজ মঙ্গলবার বিকেলে বরিশাল নগরীর কীর্তনখোলা মিলনায়তনে মতবিনিময় সভায় এসব কথা বলেন জাপা মহাসচিব। পুলিশি অনুমতি না পাওয়ায় নির্ধারিত ভেন্যু বরিশাল ক্লাব পরিবর্তন করে কীর্তনখোলা মিলনায়তনে এই সভা হয়। এ ছাড়া বরিশাল ক্লাবের সামনে পুলিশও মোতায়েন করা ছিল। 

জাপা মহাসচিব বলেন, ‘আমরা চাই না কোনো সরকার স্বৈরাচারী হোক। আমরা মতপ্রকাশের স্বাধীনতা চাই। আমরা একটি নিবন্ধিত বৈধ রাজনৈতিক দল। আমাদের মিটিং, মিছিল, সমাবেশ করার অধিকার আছে। কোনো ব্যক্তি, দল কিংবা কোনো সরকার যদি আমাদের বাধাগ্রস্ত করে, ইতিহাস সেটার দায় নেবে।’

শামীম পাটোয়ারী আরও বলেন, ‘নতুন সরকারে একদলীয়করণ, স্বজনপ্রীতি ও দুর্নীতিকরণ দেখতে পাচ্ছি। দেশের সীমান্তে কঠিন সমস্যা। সরকার সচেষ্ট না হলে আমরা রোহিঙ্গার চেয়েও বড় সমস্যার আশঙ্কা করছি।’

জাতীয় ঐক্য করার আহ্বান জানিয়ে জাপা মহাসচিব বলেন, ‘সরকার ব্যর্থ হলে দেশে দুর্ভিক্ষ হতে পারে। কারণ, সরকার একদিকে বাংলাদেশ ব্যাংকে গভর্নর দিয়েছে অনভিজ্ঞ ব্যক্তিকে, অপর দিকে কিছু ব্যাংককে অবৈধ সুবিধা দেওয়া হচ্ছে। বর্তমান সংসদ প্রতিনিধিত্বমূলক নয়, দেশ একটি দল চালাচ্ছে।’

মহানগর জাপা আহ্বায়ক মহসিন উল ইসলাম হাবুলের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন দলের প্রেসিডিয়াম সদস্য ইকবাল হোসেন তাপস, প্রেসিডিয়াম সদস্য আলমগীর সিকদার লোটন প্রমুখ। 

জানতে চাইলে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইমলাম বলেন, পুলিশ কমিশনারের অনুমতি পায়নি, তাই বরিশাল ক্লাবে জাতীয় পার্টি মতবিনিময় সভা করতে পারেনি। তা ছাড়া ক্লাব কর্তৃপক্ষ ভাড়াও বাতিল করেছিল। বরিশাল ক্লাবের সামনে পুলিশ মোতায়েন প্রসঙ্গে ওসি বলেন, ক্লাবের কাছে যে পুলিশ ছিল, তা নগরকেন্দ্রিক নিরাপত্তা জোরদারের জন্য রাখা হয়েছে, জাতীয় পার্টির কর্মসূচি ঘিরে নয়। 

বরিশাল মহানগর বিএনপির সভাপতি মনিরুজ্জামান ফারুক ও সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন সিকদার জানান, তাঁরা জাতীয় পার্টির কোনো কর্মসূচির বিষয়ে কিছুই জানেন না।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।