" />
AmaderBarisal.com Logo

নলছিটিতে সাত বছরের মাদ্রাসাছাত্রকে ডাব চুরির অভিযোগে নির্যাতন


আমাদেরবরিশাল.কম

১০ June ২০২৬ Wednesday ৭:২১:২১ PM

নলছিটি ((ঝালকাঠি) প্রতিনিধি:

ঝলকাঠির নলছিটিতে আব্দুল্লাহ (৭) নামে এক মাদ্রাসাছাত্রকে ডাব চুরির অভিযোগে নির্যাতনের অভিযোগ উঠেছে এক অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যের বিরুদ্ধে।

মঙ্গলবার (৯ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার হয়বাতপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

নির্যাতনে আহত আব্দুল্লাহকে ওইদিন সন্ধ্যায় নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত আব্দুল্লাহ উপজেলার হয়বাতপুর গ্রামের আলফাজ ফরাজীর ছেলে এবং তৌকাঠি মারকাযুল মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী।

অভিযুক্ত ব্যক্তি হলেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য শুক্কুর আলী। তিনি হয়বাতপুর গ্রামের মো. ফখরুল আলির ছেলে।

জানা গেছে, মঙ্গলবার বিকালে আব্দুল্লাহকে তার মা (রেহানা বেগম) বাজার থেকে পান কিনে আনতে পাঠান। পথে শুক্কুর আলী তার গাছের ডাব চুরির অভিযোগে আব্দুল্লাহকে মারধর করে এবং কয়েকটি আছাড় মারেন। এতে আবদুল্লাহ প্রস্রাব করে দেয়। একপর্যায়ে শুক্কুর আলী আব্দুল্লাহকে টেনে হিচড়ে পাশের দিঘিতে ফেলে দেওয়ার চেষ্টা করেন। এ সময় আবদুল্লাহর ডাক-চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে শুক্কুর আলী ঘটনাস্থল থেকে চলে যান। খবর পেয়ে স্বজনরা এসে আব্দুল্লাহকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

শিশুটির মা রেহানা বেগম জানান, মঙ্গলবার বিকালে তিনি আব্দুল্লাহকে ফকির বাড়ি বাজার থেকে পান কিনে আনার জন্য পাঠান। পথে শুক্কুর আলী তার গাছের ডাব চুরি করে নেওয়ার কথা বলে তার ছেলেকে মারধর করে এবং কয়েকটি আছাড় মেরে টেনে হিচড়ে পাশের দিঘিতে ফেলে দেওয়ার চেষ্টা করেন। এ সময় আবদুল্লাহর ডাক-চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে শুক্কুর আলী ঘটনাস্থল থেকে চলে যান। খবর পেয়ে স্বজনরা এসে আব্দুল্লাহকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

নির্যাতিত আব্দুল্লাহ বলেন, মা আমাকে পান কিনতে ফকির বাড়ি বাজারে পাঠান। পথে শুক্কুর আলী তার গাছের ডাব চুরির অভিযোগে আমাকে মারধর করে এবং কয়েকটি আছাড় মারেন। এতে আমি প্রস্রাব করে দেই। একপর্যায়ে শুক্কুর আলী আমাকে টেনে হিচড়ে পাশের দিঘিতে ফেলে দেওয়ার চেষ্টা করেন।  

আব্দুল্লাহ আরও বলেন, আমি তো গাছে উঠতেই পারি না। তাহলে ডাব চুরি করব কীভাবে?

শিশুটির বাবা আলফাজ ফরাজি জানান, তিনি ঢাকায় থাকেন। ছেলেকে মারধরের খবর পেয়ে তিনি বাড়িতে এসেছেন। বিনা অপরাধে তার ছেলেকে মারধরের বিচার দাবি করেন তিনি এবং এ ব্যাপারে আইনের আশ্রয় নেবেন বলেও জানান তিনি।

তবে অভিযুক্ত শুক্কুর আলীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) মো. আশরাফ আলী বলেন, এ ব্যাপারে এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।