" />
AmaderBarisal.com Logo

দশমিনায় মধ্যযুগীয় কায়দায় গৃহবধূ নির্যাতন, স্বামী-শ্বশুর গ্রেপ্তার


আমাদেরবরিশাল.কম

১০ June ২০২৬ Wednesday ৮:২৫:৪৮ PM

দশমিনা ((পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর দশমিনা উপজেলায় এক গৃহবধূকে হাত-পা বেঁধে টমটমে তুলে নিয়ে যাওয়ার অভিযোগে তার স্বামী ও শ্বশুরকে আটক করেছে পুলিশ। বুধবার (১০ জুন) সকাল ১০টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চরহোসনাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ৯টার দিকে মোসা. লিপি বেগমকে হাত-পা বাঁধা অবস্থায় একটি টমটমে করে কোথাও নিয়ে যাওয়া হচ্ছিল। বিষয়টি দেখে স্থানীয়দের সন্দেহ হলে তারা টমটমটির গতিরোধ করেন। এ সময় লিপি বেগমের স্বামী মো. শাহজামাল ও শ্বশুর মো. মোসলেম মৃধার সঙ্গে স্থানীয়দের বাকবিতণ্ডা ও একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। লিপি বেগম সাহায্যের জন্য চিৎকার করলে স্থানীয়রা বিষয়টি গুরুত্বের সঙ্গে নেন এবং পুলিশে খবর দেন।
খবর পেয়ে দশমিনা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লিপি বেগমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। একই সঙ্গে তার স্বামী শাহজামাল ও শ্বশুর মোসলেম মৃধাকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় হেলাল মৃধা নামে একজন আহত হয়েছেন।
হাসপাতালে চিকিৎসাধীন লিপি বেগম জানান, বিয়ের পর তাদের সংসার স্বাভাবিকভাবেই চলছিল। তাদের দুই ছেলে ও তিন মেয়ে রয়েছে। কয়েক বছর আগে তার স্বামী দ্বিতীয় বিয়ে করার পর থেকে তিনি স্বামী ও শ্বশুরের শারীরিক এবং মানসিক নির্যাতনের শিকার হয়ে আসছেন। এ নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিশও হয়েছে।
তিনি অভিযোগ করেন, বুধবার সকালে স্বামী ও শ্বশুর তাকে মারধর করেন। নির্যাতনের একপর্যায়ে তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে জ্ঞান ফিরে দেখেন, তার হাত-পা বাঁধা এবং তাকে টমটমে করে নিয়ে যাওয়া হচ্ছে। তখন তিনি চিৎকার শুরু করলে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।
প্রত্যক্ষদর্শী হেলাল মৃধা বলেন, “সকালে দেখি একজন মহিলাকে হাত-পা বেঁধে টমটমে করে নিয়ে যাওয়া হচ্ছে। তিনি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিলেন। আমরা কয়েকজন টমটম থামিয়ে জানতে চাইলে শাহজামাল ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে হাতাহাতির সময় তিনি আমাকে আঘাত করেন।”
দশমিনা থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল ও মাহবুব জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লিপি বেগমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে তার স্বামী ও শ্বশুরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।