" />
AmaderBarisal.com Logo

উল্লাসের প্রস্তুতি, মুহূর্তেই বিষাদআহত ব্রাজিল সমর্থক


আমাদেরবরিশাল.কম

১৩ June ২০২৬ Saturday ৮:০৪:৩৬ PM

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:


পটুয়াখালীর বাউফলে ব্রাজিল ফুটবল দলের সমর্থনে আয়োজিত আনন্দ শোভাযাত্রার প্রস্তুতিকালে দুর্ঘটনায় মো. শাহরিয়া সাফিন (১৮) নামে এক তরুণ সমর্থক গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় তার বাম পায়ের বৃদ্ধাঙ্গুল বিচ্ছিন্ন হয়ে যায়। এ ঘটনায় শোক ও উদ্বেগের সৃষ্টি হলে আয়োজকরা নির্ধারিত শোভাযাত্রা স্থগিত করার সিদ্ধান্ত নেন।
শনিবার (১৩ জুন) বিকেল সারে ৫টার দিকে বাউফল সরকারি কলেজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত সাফিন পৌর শহরের গোলাবাড়ি এলাকার মো. রশিদ মিয়ার ছেলে। দুর্ঘটনার পর তাকে দ্রুত উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতের বড় ভাই মো. তুহিন জানান, ব্রাজিল ফুটবল দলের প্রতি সমর্থন জানিয়ে স্থানীয় সমর্থকদের উদ্যোগে একটি আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। বিকেল থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে সমর্থকেরা সরকারি কলেজ এলাকায় জড়ো হতে থাকেন। শোভাযাত্রায় গান-বাজনা ও উৎসবমুখর পরিবেশ তৈরির জন্য একটি মিনি কাভার ভ্যানে জেনারেটর ও সাউন্ড সিস্টেম তোলার কাজ চলছিল।
তিনি বলেন, আমার ভাই অন্যদের সঙ্গে মিলে জেনারেটর গাড়িতে তুলছিল। হঠাৎ ভারী জেনারেটরটি তার বাম পায়ের ওপর পড়ে যায়। এতে তার পায়ের বৃদ্ধাঙ্গুল বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনাস্থলে সে গুরুতর আহত হয়।
প্রত্যক্ষদর্শী ও ব্রাজিল সমর্থক আরিফুল ইসলাম সাগড় বলেন, শোভাযাত্রাকে আনন্দমুখর করতে সাউন্ডবক্স ও জেনারেটর গাড়িতে তোলা হচ্ছিল। হঠাৎ দুর্ঘটনাটি ঘটে। মুহূর্তেই উৎসবের পরিবেশ বিষাদে পরিণত হয়।
আয়োজক জিএম মশিউর রহমান মিলন বলেন, প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে আমরা আনন্দ শোভাযাত্রার আয়োজন করেছিলাম। কিন্তু শোভাযাত্রা শুরুর আগেই একজন সমর্থক গুরুতর আহত হওয়ায় আমরা সবাই মর্মাহত। মানবিক বিবেচনায় কর্মসূচি স্থগিত করা হয়েছে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।