![]() বাবুগঞ্জে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্টে দুই যুবকের মৃত্যু
১৬ June ২০২৬ Tuesday ৩:৪৮:৫৪ PM
![]() বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলায় পৃথক দুটি ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৫ জুন) দুপুরে উপজেলার রহমতপুর ও দেহেরগতি ইউনিয়নে এসব দুর্ঘটনা ঘটে। নিহতদের একজন ইলেকট্রিক মিস্ত্রি এবং অপরজন নির্মাণ শ্রমিক। জানা গেছে, উপজেলার রহমতপুর ইউনিয়নের লোহালিয়া পাঁচ রাস্তা এলাকার কাশেম খাঁর বাড়িতে বৈদ্যুতিক কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান মোঃ শুভ (২০)। তিনি উপজেলার চাঁদপাশা ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ জসিমের ছেলে। স্বজনরা জানান, দুপুরের দিকে শুভ একটি বাড়িতে বিদ্যুতের লাইন মেরামত ও সংযোগ দেওয়ার কাজ করছিলেন। কাজের একপর্যায়ে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে উপজেলার দেহেরগতি ইউনিয়নের বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সেতু (দোয়ারিকা সেতু) সংলগ্ন রাকুদিয়া এলাকায় সুগন্ধা নদীর ভাঙনরোধ প্রকল্পে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান নির্মাণ শ্রমিক আল-আমিন (২৮)। তিনি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার নকিপুর গ্রামের আব্দুল কাদের গাজীর ছেলে।
প্রত্যক্ষদর্শী নির্মাণ শ্রমিক আল মামুন বলেন, আমরা কয়েকজন শ্রমিক বালু ও সিমেন্টের কাজ শেষ করে অন্য পাশে ছিলাম। আল-আমিন ভাইব্রেটর মেশিন চালানোর কিছুক্ষণ পর হঠাৎ চিৎকার করে ওঠেন এবং মাটিতে লুটিয়ে পড়েন। পরে আমরা বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে তাকে উদ্ধার করি। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম জানান, নিহত ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

