" />
AmaderBarisal.com Logo

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু


আমাদেরবরিশাল.কম

১৬ June ২০২৬ Tuesday ১০:৫৯:২৬ PM

বিশেষ প্রতিনিধি:

বরিশালজুড়ে হাম-রুবেলা পরিস্থিতির মধ্যেই নতুন করে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। বর্ষা মৌসুম না এতেই হাসপাতালগুলো বেড়েছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। স্বাস্থ্য বিভাগের দৈনন্দিন ডেঙ্গু রোগীর পরিসংখ্যান বলছে, বিশেষ করে চলতি বছরের এপ্রিল মাস থেকেই ডেঙ্গু পরিস্থিতি ধীরে ধীরে অবনতি শুরু হয়। 

চলতি বছরের গত এপ্রিল মাস পর্যন্ত যে সংখ্যক মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়েছে তার দ্বিগুণের বেশি রোগী আক্রান্ত হয়েছে গত প্রায় এক মাসে। তবে চলতি বছরে ডেঙ্গুতে এখন পর্যন্ত কারোর মৃত্যুর খবর নেই স্বাস্থ্য বিভাগে।

সম্প্রতি সময়ে বরিশাল অঞ্চলে মাঝে মধ্যে বৃষ্টির কারণে পানি জমে এডিস মশার বিস্তার এবং ডেঙ্গু আক্রান্ত বাড়ছে বলে মনে করছে স্বাস্থ্য বিভাগ। আর আক্রান্তের দিক থেকে এখন পর্যন্ত বরিশাল জেলা, পিরোজপুর এবং পটুয়াখালী জেলা শীর্ষ অবস্থানে রয়েছে। তবে বরিশাল সিটিতে আক্রান্তের হার শূন্যের কোটায়।

এর কারণ হিসেবে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে বরিশাল সিটি করপোরেশনের মাসব্যাপী মশক নিধন কর্মসূচির সুফল বলে মনে করছেন নাগরিকরা। তাই এই কার্যক্রম শুধুমাত্র নগর পর্যায়ে সীমাবদ্ধ না রেখে জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে ছড়িয়ে দেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।

স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালকের কার্যালয়ের পরিসংখ্যানে দেখা গেছে, চলতি বছরের ১৬ জুন সকাল পর্যন্ত বরিশাল সিটিসহ বিভাগের ৬টি জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন মোট এক হাজার ৪৫৪ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক হাজার ৩৫৪ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১০০ জন। যার মধ্যে বিগত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে ২৭ জন।

স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা গেছে, চলতি বছরের পহেলা এপ্রিল পর্যন্ত বরিশাল বিভাগে ডেঙ্গু জ্বরে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৩৬৪ জন। ওইসময় দৈনিক হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ছিল ৮-১০ জন।

পরবর্তী ২ মে’র পরিসংখ্যানে দেখা যায়, এক মাসের ব্যবধানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় দ্বিগুণ। ২ মে পর্যন্ত চলতি বছরে আক্রান্তর সংখ্যা দাঁড়ায় ৬৫০ জনে। পাশাপাশি দৈনিক আক্রান্তের সংখ্যা বেড়ে ১০-১৬ জনে দাঁড়ায়। তখন দৈনিক ভর্তি রোগীর সংখ্যা ছিল ২৫-৩০ জনের মধ্যে।

সবশেষ গত ১২ জুন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দ্বিগুণের বেশি বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৪৫৪ জনে। বর্তমানে দৈনিক আক্রান্ত রোগীর সংখ্যাও বেড়েছে দ্বিগুণের বেশি। মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে ২৭ জন।

পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে প্রতিদিন গড়ে ৪০ থেকে ৪৫ জন আক্রান্ত রোগী ভর্তি হচ্ছে সরকারি হাসপাতালগুলোতে। যার সংখ্যা দিন যত যাচ্ছে, আক্রান্তের হারও বাড়ছে।

জেলা ভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, চলতি বছরের এ পর্যন্ত বরিশাল জেলা সদর এবং উপজেলা হাসপাতালগুলোতে মোট ৩৩৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা নিয়েছে। এছাড়া পিরোজপুর জেলায় ৩২৫ এবং পটুয়াখালী জেলায় চিকিৎসা নিয়েছে ২৫৭ জন।

এর বাইরে ঝালকাঠিতে ২৭৩ জন, বরগুনায় ১৫১ জন এবং ভোলা জেলায় সর্বনিম্ন ৫৪ জন। জেলা এবং উপজেলা হাসপাতালের বাইরে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ২৫ জন এবং পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন আরও ২৯ জন।

গত বছর অর্থাৎ ২০২৫ সালে বরিশাল বিভাগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছিল ১৮ হাজার মানুষ। যার মধ্যে মৃত্যু হয়েছিল ৪৪ জনের। ওই বছর শুধুমাত্র জুন-জুলাই মাসেই আক্রান্ত হয়েছিল ২ হাজার ৩০০ জন। সেই হিসেবে চলতি বছরে বরিশাল বিভাগে ডেঙ্গু পরিস্থিতি গত বছরের তুলনায় ভালো।

২০২৫ সালে ডেঙ্গু আক্রান্ত এবং মৃত্যুর দিক থেকে পেছানো ছিল ঝালকাঠি জেলা। তবে চলতি বছরে ঝালকাঠি জেলার পরিস্থিতিও খারাপের দিকে যাচ্ছ। বর্তমানে অন্য জেলার থেকে দৈনিক আক্রান্তের হার ঝালকাঠি জেলায় বেশি।

স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. লোকমান হাকিম বলেন, বিগত মাসগুলোর তুলনায় ডেঙ্গু পরিস্থিতি কিছুটা বেড়েছে। তবে অতটা নয়। বর্ষা মৌসুমে জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা জন্ম দেয়। এ থেকে ডেঙ্গু আক্রান্ত রোগীও বাড়ে। তাই এখন থেকেই সচেতন হওয়া প্রয়োজন। না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইরে চলে গেলে কিছু করার থাকবে না। তবে স্বাস্থ্য বিভাগ চিকিৎসা নিয়ে প্রস্তুত আছে।

এদিকে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জুন মাসব্যাপী মশক নিধন কর্মসূচি গ্রহণ করেছে বরিশাল সিটি করপোরেশন। এর আওতায় প্রতিদিন বিভিন্ন ওয়ার্ডে ফগার মেশিন এবং স্প্রে করে মশা নিধন করা হচ্ছে। পাশাপাশি নাগরিকদের মাঝে সচেতনতা বৃদ্ধিতে প্রচারাভিযান চলছে বলে জানিয়েছেন বিসিসি প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।