" />
AmaderBarisal.com Logo

কুয়াকাটায় আবাসিক হোটেলে মাদকবিরোধী অভিযান, ৭ যুবকের কারাদণ্ড


আমাদেরবরিশাল.কম

১৮ June ২০২৬ Thursday ১১:২০:৩০ PM

কলাপাড়া ((পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পর্যটন নগরী কুয়াকাটায় একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ৭ যুবককে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। আটককৃতদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) কুয়াকাটার আবাসিক হোটেল ‘সি অ্যাডভেঞ্চার ইন’-এ এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানটির নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক।

অভিযানকালে অভিযুক্ত যুবকদের কাছ থেকে ২৫ পিস ইয়াবা, গাঁজা ও হুইস্কি জব্দ করা হয়। পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৪২ (১) ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের দণ্ড প্রদান করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কলাপাড়া থানায় একটি পৃথক মামলাও দায়ের করেছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন— মহিপুরের খাজুরা গ্রামের মো. আরিফ বেপারী (২২), পটুয়াখালী সদরের তুলাতলী এলাকার মো. হাসান মৃধা (২৩), রাজবাড়ীর পাংশা উপজেলার নাচনা মুরাদপুর গ্রামের নিরব প্রামাণিক (২১), রাজবাড়ীর তামিলি দুর্গাপুর এলাকার মো. সায়েদ ইসলাম (২০), মো. হাসিবুল ইসলাম (১৯), মহিপুরের বিপিনপুর গ্রামের মো. বাপ্পি (১৯) এবং ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কচুয়া এলাকার মো. বিল্লাল (২২)।

আদালত দুইজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। অপর পাঁচজনকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক বলেন, ‘মাদকদ্রব্য সেবন ও সংরক্ষণের সুনির্দিষ্ট অভিযোগে তাদের বিরুদ্ধে এই আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। পর্যটন নগরী কুয়াকাটাকে মাদকমুক্ত রাখতে মাদকের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।