" />
AmaderBarisal.com Logo

মাছের দেখা নেই উত্তাল সাগরে, নিরাপদ আশ্রয়ে শত শত ট্রলার


আমাদেরবরিশাল.কম

১৯ June ২০২৬ Friday ৮:৩২:০২ PM

 কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:

ইলিশের প্রজনন রক্ষায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে উপকূলীয় পটুয়াখালীর কলাপাড়া উপজেলার হাজার হাজার জেলে বুকভরা আশা নিয়ে গভীর সাগরে যাত্রা করেন। কিন্তু এক সপ্তাহে তাদের জালে দেখা মিলেনি কাঙ্খিত ইলিশ।  

এছাড়া বৈরী আবহাওয়া ও অমাবস্যার প্রভাবে সাগর ফুলে ফেঁপে উঠায় অনেক জেলে মাছ ধরা বন্ধ করে ট্রলার নিয়ে মৎস্য বন্দর আলিপুর ও মহিপুর আড়তঘাটে ফিরছেন। তবে তীরে আসা অধিকাংশ ট্রলারের জেলেরা পায়নি তেমন কোনো ইলিশ। ফলে লোকসানে পড়েছেন ওইসব জেলেরা—এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্টরা। 

জেলে ও মৎস্য সংশ্লিষ্টদের সূত্রে জানা যায়, এক একটি ট্রলারে ১২ থেকে ১৮ জন পর্যন্ত থাকে। তারা মাছ শিকারের জন্য ১০ থেকে ১২ দিনের বাজার করে সাগরে অবস্থান নেয়। তাদের তথ্যমতে, ৫০ থেকে এক লাখ টাকার বাজার সওদা করতে হয়। এসব ট্রলারের স্থানীয় মহাজনদের কাছ থেকে দাদন নিয়েই মূলত সাগরে মাছ শিকারে সম্পৃক্ত হন। তবে কখনো কখনো বৈরী আবহাওয়া কিংবা সাগরে কাঙ্খিত মাছ না পাওয়ায় আর্থিক ঘাটতিতে পড়তে হয় এসব জেলেদের।  

মৎস্যবন্দ মহিপুর আলিপুর ঘুরে দেখা গেছে, সাগর উত্তাল থাকায় শত শত ট্রলারের জেলেরা আড়তঘাটে ফিরে এসেছে। কেউ খালি হাতে, আবার কেউ সামান্য ইলিশসহ অন্যান্য প্রজাতির মাছ নিয়ে। 

মহিপুরের জেলে আলতাফ মাঝি জানান, ৫৮ দিনের নিষেধাজ্ঞার পর এক সপ্তাহের বাজার নিয়ে অনেক আশা করে সাগরে গিয়েছিলাম। বর্তমানে সাগর উত্তাল রয়েছে। বড় বড় ঢেউয়ের তাণ্ডবে ট্রলার নিয়ে সমুদ্রে থাকা যাচ্ছে না। তাই তীরে ফিরে এসেছি।  

তিনি আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগে মানুষের কোনো হাত নেই। সেক্ষেত্রে প্রকৃতি অনুকূলে না থাকলে জেলেরা যেমন ক্ষতিগ্রস্ত হয়, তেমনি ক্ষতিগ্রস্ত হয় ব্যবসার সাথে সংশ্লিষ্টরা।  

জেলেদের বরাত দিয়ে আলিপুরের সিফাত ফিস আড়তের মালিক মিজানুর রহমান জানান, সাগরে পর্যাপ্ত ইলিশের আবাস থাকলেও আবহাওয়া খারাপ হওয়ার কারণে জেলেরা জাল গুছিয়ে তীরে ফিরে এসেছেন। 

মহিপুর মৎস্য আড়ৎ মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি রাজা মিয়া বলেন, অবরোধ শেষ হওয়ার পর আবহাওয়ার বিরূপ প্রভাবে অধিকাংশ ট্রলার ঘাটে ছিল। তারপরও কিছু ট্রলার সাগরে গেলেও সমুদ্র উত্তাল থাকায় সেসব ট্রলার তীরে ফিরে এসেছে। এছাড়া সাগরে তেমন ইলিশ পড়ছে না বলেও জানান তিনি।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।