![]() পুলিশের ধাওয়ায় ড্রেনে পড়ে আ.লীগ নেতার মৃত্যু, স্বজনদের অভিযোগ
২১ June ২০২৬ Sunday ৫:৩৮:২৮ PM
নগর প্রতিনিধি: ![]() বরিশাল নগরীর কাউনিয়া থানা এলাকার ১ নম্বর ওয়ার্ডের খানবাড়ি এলাকায় পুলিশের অভিযানের সময় ধাওয়া খেয়ে ড্রেনে পড়ে এক আওয়ামী লীগ নেতার মৃত্যুর ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। নিহত রাশেদ খান মেনন বিএম কলেজের সাবেক ছাত্রলীগ নেতা এবং বরিশাল মহানগর ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। স্বজনদের দাবি, শনিবার পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করলে রাশেদ খান মেনন গ্রেপ্তার এড়াতে দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় তিনি একটি ড্রেনে পড়ে গুরুতর আহত হন। পরে তার মৃত্যু হয়। ঘটনার পর নিহতের স্বজন ও স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তারা অভিযোগ করেন, রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে সক্রিয় ব্যক্তিদের পরিবর্তে নিরীহ কর্মীদের হয়রানি ও গ্রেপ্তার করা হচ্ছে। নিহতের এক স্বজন বলেন, “পুলিশের ধাওয়ায় পালানোর সময় ড্রেনে পড়ে রাশেদ গুরুতর আহত হন। পরবর্তীতে তার মৃত্যু হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত চাই।” তবে স্বজনদের অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। এ বিষয়ে পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা বলেন, “পুলিশ কোনো নিরীহ ব্যক্তিকে হয়রানি করে না। আমরা শুধুমাত্র আইনভঙ্গকারী ও অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করি। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় তদন্ত করা হবে।” ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

