" />
AmaderBarisal.com Logo

মেহেন্দিগঞ্জে মসজিদে নামাজরত ভাইকে কু*পি+য়ে হ*ত্যা


আমাদেরবরিশাল.কম

২১ June ২০২৬ Sunday ১০:০৭:১৯ PM

মেহেন্দিগঞ্জ ((বরিশাল) প্রতিনিধি:

বরিশালের মেহেন্দীগঞ্জে জমি বিরোধের জেরে মসজিদে ঢুকে নামাজরত সেজো ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে।

রোববার বেলা দেড়টার দিকে উপজেলার আন্ধারমানিক ইউনিয়নের ঘোলেরহাট জামে মসজিদে এ ঘটনা ঘটে।

নিহত নজরুল সরদার (৪২) আন্ধারমানিক (ঘোলেরহাট) গ্রামের কাঞ্চন সরদারের ছেলে। ৪ শতাংশ জমি বিরোধের জেরে তার বড়ভাই হারুন সরদার (৫৫) ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে আহত করেন। পরে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের চতুর্থ ভাই মজিবর সরদার জানান, ৫ ভাইয়ের মধ্যে সবার বড় হারুন সরদার তার (মজিবর সরদারের) বাড়ির মধ্যে ৪ শতাংশ জমি দাবি করেন। এ নিয়ে রোববার দুপুরে সেজো ভাই নজরুল সরদার বড় ভাইয়ের সঙ্গে কথা বলতে যান। ওই সময় নজরুল সরদার বড় ভাইকে বাড়ির জমির পরিবর্তে বিলের মধ্য ফসলি জমি ভোগদখল করার অনুরোধ করেন; কিন্তু বড় ভাই বাড়ির জমি দাবিতে অনড় থাকলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে নজরুল সরদার ঘোলেরহাট জামে মসজিদে জোহর নামাজ পড়তে চলে যান।

প্রত্যক্ষদর্শী এক মুসল্লি জানান, জোহরের ফরজ নামাজের জামায়াতের আগে নজরুল সরদার চার রাকাত সুন্নত নামাজ পড়ছিলেন। তিন রাকাত নামাজ পড়ার পরে হারুন সরদার মসজিদে ঢুকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে তার ভাইকে আহত করেন। এ সময় নজরুলের পেটের আংশিক নাড়িভুঁড়ি বের হয়ে যায়। পরে মুসল্লিরা তাকে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মজিবর সরদার আরও বলেন, তার সেজো ভাই নজরুল সৌদি আরবে চাকরি করেন। প্রায় ৪ মাস আগে তিনি ছুটিতে দেশে আসেন এবং গত ২০ জুন সৌদি আরব যাওয়ার কথা ছিল; কিন্তু ভাইয়ের সঙ্গে জমি বিরোধ নিষ্পত্তির জন্য ৫ দিন ছুটি বাড়িয়েছিলেন তিনি। সেই বিরোধ মেটাতে গিয়ে বড় ভাইয়ের হাতে খুন হলেন।

কাজীরহাট থানার ওসি মো. সিদ্দিকুর রহমান বলেন, আন্ধারমানিক গ্রামে মসজিদে একজনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। অভিযুক্তকে আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।