" />
AmaderBarisal.com Logo

মায়ের জানাজা-দাফনে আসতে না পারার অন্তহীন যন্ত্রনা আমৃত্যু বয়ে বেড়াবেন সাংবাদিক সেলিম হাসান !


আমাদেরবরিশাল.কম

২৬ June ২০২৬ Friday ৭:০৩:৫৮ PM

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি:

বরিশালের বানারীপাড়া প্রেসক্লাবের সাবেক নির্বাহী সদস্য ও উপজেলার বাইশারী ইউনিয়ন যুবলীগের যুগ্ন-আহবায়ক মোঃ সেলিম হাসানের গর্ভধারিণী মা রাবেয়া বেগম (৬৮) বৃহস্পতিবার দিবাগত  রাত ১২টা ২০ মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে  ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

 শুক্রবার (২৬ জুন) সকাল ৯টায় জানাজা শেষে তাকে বাইশারী ইউনিয়নের গরদ্বার গ্রামের পারিবারিক কবরস্থানে চিরনিন্দ্রায় শায়িত করা হয়। বাইশারী ইউনিয়ন শ্রমিকদল নেতার ২০ জুন দায়েরকৃত  বিষ্ফোরক ও 

ঘরপোড়া মামলার আসামী হওয়ায় প্রিয় মায়ের জানাজা ও দাফনে অংশগ্রহণ করে তাকে অন্তিম বিদায় জানাতে পারেননি সেলিম হাসান। প্রিয় মায়ের কবরে দিতে পারেননি একমুঠো মাটি। শেষ বারের মত দেখতে পারেননি মৃত মায়ের পবিত্র মুখটি।

 মায়ের জানাজা-দাফনে এসে গ্রেপ্তার হলে বৃদ্ধ বাবাকেও বাঁচাতে পারবেন না এমন আশংকা থেকে  বাড়ি আসেননি তিনি। বুকে পাথর চাপা দিয়ে আত্মগোপনে থেকে  মায়ের জন্য দু”চোখে তার কান্নার সাঁতার,হৃদয়ে রক্তক্ষরণ, হাহাকার আর দীর্ঘশ্বাস…। আমৃত্যু এ অন্তহীন বেদনা তাকে  বয়ে বেড়াতে হবে। নাড়ীছেড়া ধন সন্তানের জন্য মৃত মায়ের আত্মায়ও হয়তো  অতৃপ্ততার আকুতি থেকে যাবে। গত দুই বছর ছেলেকে ছাড়া থাকতে গিয়ে দুঃশ্চিন্তায় তিনি  মানসিক ও শারিরীকভাবে ভেঙ্গে পড়েন। মৃত্যুর মধ্য দিয়ে ছেলেকে নিয়ে তার সব দুঃশ্চিন্তার অবসান ঘটে। বিদায় বেলায়ও সেই প্রিয় ছেলে তার কাছে ছিল না।  জটিল রাজনীতির বেড়াজালে মা-ছেলের দূরে থাকার বিচ্ছেদ বেদনা  স্বজনের হৃদয়গাঁথায় লেখা থাকবে আজীবন। হয়তো মায়ের আত্মায়ও। স্থানীয় সচেতন মহলের মতে সব আমলে রাজনীতির এ প্রতিহিংসায় ভুলুন্ঠিত হয় মানবতা। প্রতিহিংসা জন্ম দেয় আরও কঠিন প্রতিহিংসার.। প্রতিহিংসা নয়, রাজনীতি হোক মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেম, সম্প্রীতি,সৌহার্দ্য, ভালোবাসা আর মানবতার তরে…



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।