পটুয়াখালীর দশমিনা উপজেলায় সিথী রানী (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ জুন) রাত ১০টার দিকে উপজেলার বেতাগীসানকিপুর ইউনিয়নের বেতাগী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সিথী রানী বেতাগী গ্রামের নিত্য শিকদারের মেয়ে এবং দশমিনা সরকারি আবদুর রশিদ তালুকদার কলেজের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় পড়াশোনা শেষে রাতের খাবার খেয়ে নিজ কক্ষে যান সিথী রানী। পরে রাতের দিকে তার কক্ষ থেকে শব্দ শুনে বাবা নিত্য শিকদার সেখানে গিয়ে দেখেন, ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছেন তার মেয়ে। এ সময় তার চিৎকারে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন ছুটে আসেন। খবর পেয়ে দশমিনা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ পটুয়াখালী মর্গে পাঠানো হয়। নিহতের বাবা নিত্য শিকদার বলেন, “কয়েকদিন পরই তার এইচএসসি পরীক্ষা ছিল। প্রতিদিনের মতো সেদিনও খাবার খেয়ে পড়াশোনা করছিল। হঠাৎ এমন ঘটনা কীভাবে ঘটল, তা বুঝতে পারছি না। আত্মহত্যার কোনো কারণও আমার জানা নেই।” দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।” এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।