![]() ভোলায় ফিলিপাইন ব্ল্যাক জাতের আখ চাষে কৃষকদের সাফল্য
২৭ June ২০২৬ Saturday ৭:০৮:৫৪ PM
ভোলা প্রতিনিধি: ![]() ভোলার চরাঞ্চলে প্রথমবারের মতো ফিলিপাইন ব্ল্যাক জাতের আখ চাষে সফলতার মুখ দেখছেন চাষিরা। মাটি ও আবহাওয়া অনুকূলে থাকায় ফলন হয়েছে ভালো।এই জাতের আখে হেক্টরপ্রতি উৎপাদন হচ্ছে ৯০ মেট্রিক টন, যা প্রচলিত আখের চেয়ে ৩০ থেকে ৪০ মেট্রিক টন বেশি। এদিকে এই জাতের আখ চাষে একজনকে দেখে অন্য চাষিরাও এ আখের আবাদে আগ্রহ দেখিয়েছেন। জানা গেছে, ভোলার দক্ষিণের জনপদ চরফ্যাশন উপজেলার মো. জুয়েল প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে ফিলিপাইন ব্ল্যাক জাতের আখ চাষ করেছেন। এবার ফলন এসেছে ভালো।ইতোমধ্যে কর্তন ও বিক্রি শুরু করেছেন তিনি। তার এই সফলতায় স্থানীয় কৃষকদের মাঝেও ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে, সাগর উপকূলের চরফ্যাশন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় দেশের চরাঞ্চলে আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় প্রথমবারের মতো এ জাতের আখের প্রদর্শনী প্লট স্থাপন করা হয়। গাঢ় কালো রং, অধিক মিষ্টতা এবং নরম গঠনের কারণে ফিলিপাইন ব্ল্যাক আখ ইতোমধ্যে কৃষকদের নজর কেড়েছে। ফলে অনেকেই এ জাতের আখ আবাদে আগ্রহী। তথ্যমতে, আট মাস আগে চরফ্যাশন পৌরসভার আট নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রবাসী জুয়েল উপজেলার মাদ্রাজ ইউনিয়নের চর আফজাল গ্রামে ৭০ শতাংশ জমিতে আখের চাষ শুরু করেন। এর মধ্যে ৩০ শতাংশ জমি ভরাট করে নতুনভাবে আবাদযোগ্য করা হয়েছে। জমি প্রস্তুত, চারা রোপণ ও পরিচর্যাসহ এ পর্যন্ত তার ব্যয় হয়েছে প্রায় আড়াই লাখ টাকা। আখ চাষি জুয়েল জানান, শুরুতে কিছুটা ঝুঁকি থাকলেও কৃষি বিভাগের পরামর্শ ও ফলনের অগ্রগতি দেখে তিনি আশাবাদী। চলতি মৌসুমে প্রায় ১০ লাখ টাকার আখ বিক্রির আশা করছেন তিনি। সব মিলিয়ে প্রায় সাত লাখ টাকা লাভের আশা জুয়েলের। চরফ্যাশন উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, ফিলিপাইন ব্ল্যাক আখের ফলন অত্যন্ত ভালো। বর্তমানে গাছের উচ্চতা গড়ে ১০ ফুটের কাছাকাছি। আরও দুই মাসের মধ্যে আখ পরিপক্ব হয়ে বাজারজাতের উপযোগী হবে। ভোলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক খায়রুল ইসলাম মল্লিক বলেন, কৃষি বিভাগের সহায়তা ও আধুনিক প্রযুক্তির ব্যবহারে নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে, যা চরাঞ্চলের কৃষিকে আরও লাভজনক করে তুলতে পারে। কৃষি বিভাগের তথ্যানুযায়ী, চলতি মৌসুমে জেলায় আখ চাষের লক্ষ্যমাত্রা ৫০৮ হেক্টর হলেও এখন পর্যন্ত ৪৬০ হেক্টর জমিতে আখের আবাদ হয়েছে। কৃষি সংশ্লিষ্টদের মতে, প্রবাসফেরত জুয়েলের এই উদ্যোগ শুধু একটি সফল কৃষি উদ্যোক্তার গল্প নয়, বরং চরাঞ্চলে উচ্চমূল্যের ফসল চাষ এবং যুবকদের আত্মকর্মসংস্থানের নতুন সম্ভাবনারও উজ্জ্বল উদাহরণ। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

