দশমিনায় ককটেল বিস্ফোরণ মামলার প্রধান আসামি ইউনূস খলিফা গ্রেপ্তার
আমাদেরবরিশাল.কম
৩০ June ২০২৬ Tuesday ৬:১৯:১০ PM
দশমিনা ((পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর দশমিনা উপজেলায় ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও জমি দখলচেষ্টার মামলার প্রধান আসামি মো. ইউনূস খলিফাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার রণগোপালদী ইউনিয়নের আউলিয়াপুর লঞ্চঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার চরবোরহান ইউনিয়নের চরশাহজালাল মৌজায় সরকার কর্তৃক বন্দোবস্তপ্রাপ্ত ২ একর ৫০ শতাংশ জমির মালিক মো. ফজলুল হক কালু দীর্ঘদিন ধরে জমিটি ভোগদখল করে আসছেন। অভিযোগ রয়েছে, ২০২৫ সালের ১৩ ডিসেম্বর দুপুর ১টার দিকে ইউনূস খলিফার নেতৃত্বে ৫০-৬০ জনের একটি দল ওই জমি দখলের উদ্দেশ্যে সেখানে হামলা চালায়। এ সময় ২ থেকে ৩টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয় এবং একটি নির্মাণাধীন ঘরে আগুন দেওয়া হয়। হামলাকারীরা ঘরের মালামাল লুট করে নিয়ে যায় বলেও অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় পরদিন ১৪ ডিসেম্বর মো. ফজলুল হক কালু বাদী হয়ে ইউনূস খলিফাকে প্রধান আসামি করে ১১ জনের নাম উল্লেখসহ আরও ১১ থেকে ১৫ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে দশমিনা থানায় মামলা দায়ের করেন। পুলিশ জানায়, মামলা দায়েরের পর থেকে আসামিরা আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মঙ্গলবার প্রধান আসামি ইউনূস খলিফাকে গ্রেপ্তার করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা দশমিনা থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহ বলেন, “মামলা হওয়ার পর থেকেই আসামিরা পলাতক ছিলেন। মঙ্গলবার প্রধান আসামিকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে।” দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, “ককটেল বিস্ফোরণ মামলার প্রধান আসামি ইউনূস খলিফাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।