" />
AmaderBarisal.com Logo

কলাপাড়ায় জমিজমা বিরোধে জেলেকে কুপিয়ে জখমের অভিযোগ


আমাদেরবরিশাল.কম

২ July ২০২৬ Thursday ৮:১৪:৩৯ PM

কলাপাড়া ((পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর কলাপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মোহন তালুকদার (৪০) নামের এক জেলেকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। বুধবার রাত ৮টার দিকে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের লেমুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহত মোহন তালুকদার জানান, প্রায় দুই বছর আগে লেমুপাড়া গ্রামের মিজানুর তালুকদারের কাছ থেকে মৌখিক চুক্তির মাধ্যমে প্রায় ৯০ শতাংশ জমি দুই লাখ টাকায় কেনার কথা হয়। এ সময় তিনি বায়না হিসেবে এক লাখ ২০ হাজার টাকা পরিশোধ করেন। পরে তিনি জানতে পারেন, ওই জমি সরকারি খাস জমি এবং বিক্রেতার নামে রেকর্ডভুক্ত নয়।
এ ঘটনায় উভয়ের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। বিষয়টি আদালত পর্যন্ত গড়ালে সংশ্লিষ্ট জমি খাস জমি হিসেবে প্রমাণিত হয় বলে দাবি করেন মোহন। এরপরও স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা ব্যর্থ হয়।
মোহনের অভিযোগ, বুধবার রাতে পার্শ্ববর্তী খালে মাছ ধরার জন্য জাল ফেলে বাড়ি ফেরার পথে বাড়ির প্রবেশমুখে পৌঁছালে মিজানুর তালুকদার, রাসেল মাতুব্বর, সজিব তালুকদার, করিম মাতুব্বর ও মিজানুর হাওলাদার দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এতে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান তিনি।
তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত মিজানুর তালুকদার। তিনি বলেন, “ঘটনার সময় আমি আদালতের কাজে পটুয়াখালী ছিলাম। রাত ৯টার দিকে বাড়িতে ফিরেছি। মোহনের সঙ্গে আমার কোনো মারামারির ঘটনা ঘটেনি। তবে জমি নিয়ে আমাদের মধ্যে বিরোধ রয়েছে।”
এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, “ঘটনার বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।