" />
AmaderBarisal.com Logo

মুলাদীতে হাতকড়াসহ আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ, ১৭ জনের বিরুদ্ধে মামলা


আমাদেরবরিশাল.কম

২ July ২০২৬ Thursday ১০:০১:৩৮ PM

মুলাদী (বরিশাল) প্রতিনিধি:

 বরিশালের মুলাদীতে পুলিশের কাছ থেকে হাতকড়াসহ আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে মুলাদী থানার উপপরিদর্শক মনির হোসেন বাদী হয়ে ১৭ জনকে আসামি করে মামলা করেন। 

এর আগে গতকাল বুধবার বিকেল ৫টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের রামারপোল বাজার এলাকায় রাশেদুল ইসলাম সেতু ভূঁইয়া (৪০) নামের এক আসামিকে ছিনিয়ে নেন তাঁর স্বজনেরা। 

রাশেদুল ইসলাম সেতু ভূঁইয়া উপজেলার রামারপোল গ্রামের মৃত সেলিম ভূঁইয়ার ছেলে। গত ২৩ জুন রাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান করার অভিযোগে পুলিশের করা মামলায় তিনি ৫ নম্বর আসামি। 

থানা-পুলিশ জানায়, সুনির্দিষ্ট মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা থাকায় গতকাল বিকেল ৫টার দিকে রামারপোল বাজার থেকে সেতু ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়। তাঁকে হাতকড়া পরিয়ে মোটরসাইকেলে করে থানায় রওনা দিলে রামারপোল গ্রামের আলমগীর ভূঁইয়ার ছেলে কামরুজ্জামান বাবু ও সামসুল হক ভূঁইয়ার ছেলে সুমন ভূঁইয়ার নেতৃত্বে ১৮-২০ জন লোক পথ রোধ করেন। তাঁরা সেতু ভূঁইয়াকে ছেড়ে দেওয়ার জন্য চাপ দেন। গ্রেপ্তার করা আসামিকে ছেড়ে দিতে অস্বীকার করলে পুলিশের সঙ্গে তাঁদের ধ্বস্তাধস্তি হয়। একপর্যায়ে তাঁরা সেতু ভূঁইয়াকে ছিনিয়ে নেন। 

পরে গতকাল রাতেই মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাতকড়াসহ আসামি উদ্ধারের চেষ্টা চালায়। গতকাল দিবাগত রাত ১টার দিকে সেতু ভূঁইয়ার স্বজনেরা কৌশলে পুলিশের কাছ থেকে চাবি নিয়ে হাতকড়া ফেরত দেন। কিন্তু পুলিশ আসামি উদ্ধার করতে পারেনি। 

এ ঘটনায় এসআই মনির হোসেন বাদী হয়ে কামরুজ্জামান বাবু ভূঁইয়া, সুমন ভূঁইয়াসহ ১৭ জনকে আসামি করে পুলিশের কাজে বাধা ও আসামি ছিনতাইয়ের অভিযোগ এনে মামলা করেন। 

মুলাদী থানার ওসি খন্দকার মো. সোহেল রানা বলেন, রামারপোল বাজারে হাতকড়াসহ আসামি ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে। ছিনিয়ে নেওয়া আসামিসহ অন্যান্য আসামি পলাতক রয়েছেন। তাঁদের গ্রেপ্তারে পুলিশের চেষ্টা চলছে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।