" />
AmaderBarisal.com Logo

ঝালকাঠিতে যাত্রীবাহী বাস খাদে, সুপারভাইজার নিহত


আমাদেরবরিশাল.কম

৫ July ২০২৬ Sunday ২:৪৩:২১ PM

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির নলছিটিতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খাদে পড়ে গেছে। এসময় বাসটির সুপারভাইজার নিহত হয়েছেন। এ ঘটনায় কয়েকজন যাত্রী সামান্য আহত হলেও তাদের কাউকে হাসপাতালে ভর্তি করতে হয়নি। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য বরিশাল–পিরোজপুর আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকলেও পরে তা স্বাভাবিক হয়।

রোববার (৫ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে নলছিটি উপজেলার পূর্ব রায়পুর বটতলা এলাকায় বরিশাল–পিরোজপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাহিদ সুপার পরিবহনের একটি বাস পিরোজপুরের মঠবাড়িয়া থেকে যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশে যাচ্ছিল। পথে পূর্ব রায়পুর বটতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মাহিন্দ্রকে পাশ দিতে গিয়ে চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে বাসটির সুপারভাইজার মো. আল মামুন (৩১) বাসের নিচে চাপা পড়েন।

খবর পেয়ে স্থানীয় বাসিন্দা, পুলিশ এবং ঝালকাঠি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উদ্ধারকাজ শুরু করেন। দীর্ঘ প্রচেষ্টার পর আল মামুনকে বাসের নিচ থেকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আল মামুন ঝালকাঠির নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং আব্দুল কাদেরের ছেলে।

ঝালকাঠি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব-অফিসার আবদুল মালেক মিয়া বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমাদের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর বাসের নিচে চাপা পড়া ব্যক্তিকে উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।’

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজে অংশ নেয়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।