![]() বরিশালে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার
৫ July ২০২৬ Sunday ৩:১৬:৩৫ PM
নিজস্ব প্রতিনিধি: ![]() বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে মাহবুব আলম বাবু রাড়ী (২৯) নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার হওয়া মো. বজলুর রশিদ বয়াতী (৩৮) মেহেন্দিগঞ্জ থানার সাদেকপুর এলাকার বাসিন্দা আব্দুর রাজ্জাক বয়াতীর ছেলে। রোববার (৫ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৮ বরিশালের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান (পিপিএম-সেবা)। তিনি জানান, র্যাব-৮ ও র্যাব-১০-এর সদর কোম্পানির সদস্যরা ঢাকা মহানগরীর গেন্ডারিয়া থানাধীন হরিচরণ রায় সড়ক এলাকায় অভিযান চালিয়ে বজলুর রশিদ বয়াতীকে গ্রেপ্তার করেন। র্যাব জানায়, নিহত মাহবুব আলম বাবু রাড়ী মেহেন্দিগঞ্জ উপজেলার ৫ নম্বর মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নের সাদেকপুর গ্রামের দুলাল রাড়ীর ছেলে। জমি-সংক্রান্ত বিরোধের জেরে গত ১৮ জুন পশ্চিম সাদেকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মাহবুবের ভোগদখলীয় জমিতে দোকানঘর নির্মাণে বাধা দেন বজলুর রশিদ বয়াতীসহ অন্য অভিযুক্তরা। এর ধারাবাহিকতায় গত ২৩ জুন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মেহেন্দিগঞ্জ থানার চুনারচর এলাকার ৮ নম্বর ওয়ার্ডে আক্তার পোদ্দারের দোকানের সামনে পূর্বপরিকল্পিতভাবে লোহার রড, হাতুড়ি, কাঠের লাঠিসোঁটাসহ দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান নেয় অভিযুক্তরা। পরে মাহবুব আলম বাবু রাড়ীর ওপর অতর্কিত হামলা চালিয়ে এলোপাতাড়ি মারধর করে তাকে গুরুতর আহত করে। মাহবুবের চিৎকার শুনে স্থানীয় লোকজন ও স্বজনরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে ২৪ জুন ভোর সোয়া ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক মাহবুব আলম বাবু রাড়ীকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে মেহেন্দিগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। মামলার পর আইনশৃঙ্খলা বাহিনী জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করে। প্রসঙ্গত, এর আগে মামলার অপর আসামি জাহাঙ্গীর (৫৩) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার হয়। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

