![]() বরিশালে ব্যবসায়ীকে”অন্ডকোষ চেপে ধরে” চেকে সই আদায়: নেপথ্যে শেয়ার পরিচালকদের ভাগবাটোয়ারা নিয়ে দ্বন্দ্ব
৭ July ২০২৬ Tuesday ১:৫১:২৬ PM
বিশেষ প্রতিনিধি: ![]() বরিশালে দুদিন ধরে আলোচিত অগ্রণী হাউজিং লিমিটেড ২০১১ সালে দুই শতাধিক পরিচালক নিয়ে গঠিত হয়। এর উদ্যোক্তাদের উদ্দেশ্য ছিল বরিশালে আবাসন ব্যবসা করা। তবে চার বছরের মধ্যে আর্থিক স্বচ্ছতা নিয়ে মতবিরোধে ২০১৬ সালে প্রতিষ্ঠানটির কার্যক্রম থেমে যায়। এ নিয়ে দুটি মামলা এখনও চলমান। অগ্রণী হাউজিংয়ের কিছুসংখ্যক শেয়ার পরিচালক কৌশল বদলে বাকলা ডেভেলপারস লিমিটেড নামে ব্যবসা করে আসছেন। তবে আর্থিক বিষয়ে বিশ্বাস-অবিশ্বাস নিয়ে নিজেদের মধ্যে বিরোধ লেগেই ছিল। গত ২৭ জুন সন্ধ্যায় ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুল আজিজ হাওলাদারকে মারধর ও সংবেদনশীল স্থান চেপে দুটি করে চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার ঘটনা ছিল এসবেরই বহির্প্রকাশ। আলোচিত এ ঘটনা নিয়ে অগ্রণী হাউজিংয়ের বর্তমান ৪৭ জন পরিচালকের মধ্যে কয়েকজনের সঙ্গে কথা বলে এ তথ্য পাওয়া গেছে। নাম প্রকাশ না করার শর্তে তারা বলেন, যা হয়েছে তা কোম্পানির এমডির অতীতের বিভিন্ন কর্মের জন্য ‘প্রাপ্য’ ছিল। তবে মারধরের নেতৃত্ব দেওয়া পরিচালক বিএনপি কর্মী মোস্তাফিজুর রহমান লিটুর টাকা দাবির যুক্তি সঠিক নয়। তিনি প্রতিষ্ঠানের বিরোধের সুযোগ নিয়ে মব করে বড় অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন। অগ্রণী হাউজিংয়ের চেয়ারম্যান হলেন প্রতিষ্ঠানের এমডি আজিজের ভাই ইংল্যান্ড প্রবাসী আব্দুল হাই হাওলাদার। তিনি মোবাইল ফোনে বলেন, আজিজ একজন মহাপ্রতারক। লিটু একসময়ে তাঁর সহযোগী ছিল। এখন দুই প্রতারকের বিরোধ লাগায় এ ঘটনা ঘটেছে। এমডিকে মারধর করার কথা স্বীকার করে লিটু বলে আসছেন, তাঁর কাছে বিপুল পরিমাণ টাকা পাবেন। আজিজ টাকা দিচ্ছেন না। তবে লিটুর দাবি মিথ্যা জানিয়ে আজিজ নানা হিসাব দেখিয়ে বলেন, ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর লিটুকে সমুদয় পাওনা বুঝিয়ে দিলে তিনি শেয়ার সার্টিফিকেট হস্তান্তর করেন। ওইদিন স্বাক্ষরিত দেড়শ টাকার একটি অঙ্গীকারনামায় লিটু পাওনা বুঝে পেয়ে প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসায়িক সর্ম্পক ছেদের কথা স্বীকার করেন। লিটু ২০১৩ সালের ৭ ফেব্রুয়ারি ২৫ লাখ টাকা বিনিয়োগ করে অগ্রণী হাউজিংয়ে যুক্ত হন। সেদিন যা ঘটেছিল সদর রোড একটি ভবনের দোতলায় অগ্রণী হাউজিং ও বাকলা ডেভেলপার কোম্পানির অফিস। আজিজের দেওয়া তথ্যমতে, ২৭ জুন সন্ধ্যার পরে তিনি অফিসে গিয়ে বসেন। পৌঁছার পরই পিয়ন বাচ্চু জানান, বিএনপিকর্মী লিটু তাঁকে খুঁজে গিয়েছেন। চেয়ারে বসার পর সিসি ক্যামেরায় দেখতে পান, আবারও লিটু এসে বাচ্চুর সঙ্গে কথা বলে নিচে চলে যান। ৫ থেকে ৭ মিনিট পরই দলবলসহ ফিরে আসেন। লিটুসহ ৪ জন কক্ষে ঢুকে তাঁকে মারধর করে একটি চেকে ৭০ লাখ টাকা লিখে ও ১টি সাদা চেক এবং ৩ পাতার দুই সেট স্ট্যাম্পে স্বাক্ষর নেন। এরপর তাঁকে তুলে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কক্ষে নিয়ে যাওয়া হয়। পরিদর্শক ৫ জুলাই সালিশের তারিখ নির্ধারণ করে দেন। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় রিহ্যাব বরিশালে সদস্যের সংবেদনশীল অঙ্গে আঘাত, শারীরিক নির্যাতন, ভয়ভীতি প্রদর্শন এবং জোরপূর্বক স্ট্যাম্প ও চেকে স্বাক্ষর নেওয়ার অভিযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

