" />
AmaderBarisal.com Logo

নেছারাবাদে জালে আটকা ১১ কেজির বাগাড়, বাজারে উৎসুক মানুষের ঢল


আমাদেরবরিশাল.কম

৮ July ২০২৬ Wednesday ৫:২৯:২৮ PM

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি 

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের বেলুয়া নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ১১ কেজি ওজনের একটি বিরল বাগাড় মাছ। গতকাল মঙ্গলবার বিকেলে ইউনিয়নের উড়িবুনিয়া গ্রামের তালুকদারহাওলা এলাকায় জেলে পলাশ কুমার মণ্ডলের চাপা জালে মাছটি ধরা পড়ে। খবর ছড়িয়ে পড়লে নদীর তীর ও স্থানীয় বাজারে মাছটি একনজর দেখতে ভিড় করেন শত শত উৎসুক মানুষ।

জেলে পলাশ কুমার মণ্ডল জানান, তিনি নিয়মিত বেলুয়া নদীতে চাপা জাল দিয়ে মাছ ধরেন। তবে বেশ কিছুদিন ধরে জালে তেমন মাছ মিলছিল না। গতকাল বিকেলে মাছ ধরার সময় হঠাৎ জালে প্রবল নড়াচড়া অনুভব করেন। পরে জাল টেনে তুললে দেখতে পান বিশাল আকৃতির একটি বাগাড় মাছ আটকা পড়েছে।

তিনি বলেন, সাধারণত এ ধরনের জালে এত বড় মাছ ধরা পড়ে না। ভাগ্যক্রমে জালের ফাঁসে আটকে যাওয়ায় মাছটি বের হতে পারেনি।

পরে স্থানীয় কয়েকজন ব্যবসায়ী ও ক্রেতা মিলে মাছটি ১১ হাজার টাকায় কিনে নিজেদের মধ্যে ভাগ করে নেন। মাছটির অন্যতম ক্রেতা সুলতান মাহমুদ বলেন, গ্রামাঞ্চলে এত বড় বাগাড় মাছ সচরাচর দেখা যায় না। তাই মাছটি কিনে কেটে বিক্রি করা হয়েছে। বাজারে মাছটি দেখতে মানুষের ব্যাপক ভিড় হওয়ায় দ্রুত বিক্রির ব্যবস্থা করতে হয়েছে।

দীর্ঘদিন পর বেলুয়া নদীতে এত বড় বাগাড় মাছ ধরা পড়ায় এলাকাজুড়ে ব্যাপক উৎসাহের সৃষ্টি হয়। মাছটি দেখতে নদীর তীর ও স্থানীয় বাজারে ভিড় করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।