" />
AmaderBarisal.com Logo

প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফরসূচি চূড়ান্ত


আমাদেরবরিশাল.কম

৯ July ২০২৬ Thursday ১১:৩৮:৪৩ PM

আমাদের বরিশাল ডেস্ক:

Screenshot

প্রধানমন্ত্রী তারেক রহমানের সোমবার বরিশাল সফরসূচি চূড়ান্ত করা হয়েছে। প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত বিস্তারিত সফরসূচি ইতোমধ্যে বরিশালের বিভাগীয় ও জেলা প্রশাসনসহ নগর প্রশাসনকে জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর সফরের সার্বিক প্রস্তুতি নিয়ে বৃহস্পতিবার প্রস্তুতি সভা করেছে বিভাগীয় ও জেলা প্রশাসন। সভায় বরিশালের বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, বরিশাল সিটি করপোরেশন, জেলা পরিষদের প্রশাসক, পুলিশ প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক ও সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাষ্ট্রক্ষমতা গ্রহণের চার মাসের মাথায় ১৩ জুলাই প্রথমবারের মতো বরিশাল বিভাগীয় সদরে সরকারি সফরে আসছেন প্রধানমন্ত্রী। সোমবার সড়কপথে বরিশালে পৌঁছার প্রাক্কালে সকাল সাড়ে ১০টায় গৌরনদীর বাটাজোড়ে সদ্য খননকৃত সরিকল-বাটাজোর খালের পাশে বৃক্ষরোপণ করবেন প্রধানমন্ত্রী। এরপর সরাসরি বরিশাল মহানগরীর ত্রিশ গোডাউনসংলগ্ন সাগরদী খালের পাশে পৌঁছে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সার্কিট হাউসে জোহরের নামাজ আদায় ও মধ্যাহ্নভোজের পর দুপুর ৩টায় বরিশাল শিল্পকলা একাডেমিতে এক সাংগঠনিক সভায় যোগ দেবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। টানা দেড় ঘণ্টা সাংগঠনিক সভায় অংশগ্রহণকালে তিনি সেখানে প্রধান অতিথি হিসেবে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন। বিকেল সাড়ে ৪টায় সড়কপথেই ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন প্রধানমন্ত্রী।
গত ফেব্রুয়ারির নির্বাচনে বিপুল ভোটে জয়লাভের পর রাষ্ট্রক্ষমতা গ্রহণ করে প্রথমবারের মতো তারেক রহমান বরিশাল বিভাগীয় সদরে আসছেন। এর আগে নির্বাচনী প্রচারণায় তিনি গত ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বরিশালের বেলস পার্ক ময়দানে এক বিশাল জনসভায় ভাষণ দিয়েছিলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের এ সফর নিয়ে সাধারণ মানুষের মাঝে যথেষ্ট আগ্রহ ও কৌতূহল সৃষ্টি হয়েছে ইতোমধ্যে। এর আগে ২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিতর্কিত ‘২৪-এর নির্বাচনী প্রচারণায় বরিশালে নির্বাচনী জনসভায় ভাষণ দিয়েছিলেন।
প্রায় আড়াই বছর পরে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারের প্রধানমন্ত্রীর এ সফরকে রাজনৈতিক পর্যবেক্ষক মহলও বিশেষ গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছেন। দীর্ঘদিন পরে একটি গ্রহণযোগ্য নির্বাচনে বিপুল বিজয়ের মাধ্যমে গঠিত সরকারে বরিশাল বিভাগীয় সদরসহ দক্ষিণাঞ্চলের দ্বিতীয় বৃহত্তম জেলা সদরের কোনো এমপি মন্ত্রিসভাসহ সরকারের কোনো গুরুত্বপূর্ণ স্থানে ঠাঁই পাননি এখনো। এমনকি দক্ষিণাঞ্চলের অনেক জনগুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প নিয়েও এখন পর্যন্ত কোনো ইতিবাচক খবর না মেলায় আমজনতার মাঝে যথেষ্ট হতাশার মধ্যেই প্রধানমন্ত্রীর এ বরিশাল সফরকে ঘিরে আশায় বুক বেঁধেছেন সাধারণ মানুষ।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।