![]() ভোলায় এইচএসসি পরীক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ: ১০০ জনের বিরুদ্ধে মামলা
১২ July ২০২৬ Sunday ৮:৩৮:৪৩ PM
ভোলা প্রতিনিধি: ![]() ভোলার চরফ্যাশন উপজেলায় চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষায় নকল করতে বাধা দেওয়াকে কেন্দ্র করে একটি কেন্দ্রে হামলা, ভাঙচুর ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় চরফ্যাশন থানায় প্রায় ১০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়েছে। আজ রোববার দুপুরে বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল) মো. মেহেদী হাসান। গতকাল শনিবার রাতে চরফ্যাশন ফাতেমা মতিন মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মো. মহিউদ্দিন বাদী হয়ে চরফ্যাশন থানায় মামলাটি দায়ের করেন। ওই দিন দুপুরে চরফ্যাশন উপজেলা শহরের ফাতেমা মতিন মহিলা কলেজ কেন্দ্রে হামলা, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটে। মামলার এজাহার সূত্রে জানা যায়, বরিশাল শিক্ষাবোর্ডের অধীনে ফাতেমা মতিন মহিলা মহাবিদ্যালয় কেন্দ্রে চলমান এইচএসসি পরীক্ষা দিচ্ছিল চরফ্যাশন সরকারি কলেজের ৮৮৪ জন শিক্ষার্থী। শনিবার তাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) পরীক্ষা ছিল। সকালে পরীক্ষা শুরু হলে কেন্দ্রের প্রতিটি কক্ষে এমসিকিউ প্রশ্ন সরবরাহ করা হয়। এমসিকিউ পরীক্ষা শেষ হওয়ার একপর্যায়ে কেন্দ্রটির ৩০৪ নম্বর কক্ষের পরীক্ষার্থীরা দাবি করেন, তাদের প্রশ্ন কমন পড়েনি। এজাহারে বলা হয়, এরপর শিক্ষার্থীরা নকলের চেষ্টা করলে কক্ষে দায়িত্বরত শিক্ষকরা নকলের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন। একপর্যায়ে পরীক্ষার্থীরা নকল করার সুযোগ দাবি করেন এবং কক্ষের শিক্ষকদের সঙ্গে অসৌজন্য আচরণ করেন। পরীক্ষা শেষে একদল শিক্ষার্থী ও বহিরাগত কিছু লোক একযোগে দুপুর ১টার দিকে কলেজের পকেট গেট ভেঙে ভেতরে ঢুকে হামলা ও ভাঙচুর চালায়। পরীক্ষার খাতা ছিনিয়ে নেওয়ার চেষ্টারও অভিযোগ রয়েছে। এ সময় ইটপাটকেলের আঘাতে কলেজে পরীক্ষা কক্ষে দায়িত্ব পালনকারী ৭ জন শিক্ষকসহ কলেজের গভর্নিং বডির সভাপতিও আহত হন। এ সময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা লাঠিচার্জ করে এবং দুই রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। সহকারী পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল) মো. মেহেদী হাসান বলেন, `হামলা ও ভাঙচুরের ঘটনায় ফাতেমা মতিন মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বাদী হয়ে শতাধিক অজ্ঞাতনামাদের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।’ সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

