" />
AmaderBarisal.com Logo

বরিশালে সাংগঠনিক সভায় একাধিক নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী


আমাদেরবরিশাল.কম

১৩ July ২০২৬ Monday ১১:৫৬:১৭ PM

নগর প্রতিনিধি:

বরিশালে বিএনপির সাংগঠনিক সভায় দলের শৃঙ্খলা ও ঐক্যকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নেতাকর্মীদের উদ্দেশে একাধিক নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে দক্ষিণাঞ্চলের দীর্ঘদিনের উন্নয়ন দাবিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দেন তিনি। সভায় দলের অভ্যন্তরীণ বিভেদ, গ্রুপিং এবং ‘ফ্যাসিস্ট ও গুপ্ত সংগঠনের’ নেতাদের আশ্রয়-প্রশ্রয়ের অভিযোগও উঠে আসে আলোচনায়।

সোমবার (১৩ জুলাই) বিকেল ৪টায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির সাংগঠনিক সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান। এতে সভাপতিত্ব করেন- বরিশাল সদর আসনের সংসদ সদস্য মজিবর রহমান সরোয়র।

এছাড়াও তথ্য মন্ত্রী জহির উদ্দিন স্বপন, নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান, এমপি আবুল হোসেন খান, সরফুদ্দিন আহমেদ সান্টু, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সিসিসি’র প্রশাসক ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরীন, বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, মাহাবুবুল হক নান্নু, কেন্দ্রীয় কমিটির সদস্য এবায়দুল হক চাঁন, মেজবাহ উদ্দিন ফরহাদ, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার, জেলার সদস্য সচিব আবুল কালাম শাহীনসহ জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

সভায় অংশ নেওয়া দলের নেতাকর্মীরা জানান, সাংগঠনিক সভায় দলের নেতারা সংগঠনের বিভিন্ন সমস্যা এবং বিভেদের কথা তুলে ধরেন। বিশেষ করে দলের মধ্যে গ্রুপিংয়ের বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে আলোচনার মাধ্যমে। ফ্যাসিস্ট এবং গুপ্ত সংগঠনের নেতাদের আশ্রয়-প্রশ্রয়ের অভিযোগও তোলা হয়।

সভায় অংশ নেওয়া হিন্দু-বৈদ্য-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট বরিশাল মহানগরের আহ্বায়ক এলবার্ট রিপন বল্লভ বলেন, প্রধানমন্ত্রী আমাদের কিছু নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন। প্রথমত, দলের শৃঙ্খলা বজায় রাখতে হবে। দ্বিতীয়ত, দলের মধ্যে কোনো বিভেদ থাকবে না- সকলকে এক ও ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি বলেন, আমাদের বরিশালবাসীর প্রাণের দাবি- ভাঙ্গা থেকে কুয়াকাটা ছয় লেন মহাসড়ক, রেললাইন, বরিশাল-ভোলা সেতু এবং ভোলার গ্যাস পাইপলাইনের মাধ্যমে বরিশালসহ দক্ষিণাঞ্চলে গ্যাস সরবরাহের বিষয়টি সবাই প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেছেন।

রিপন বলেন, প্রধানমন্ত্রী ধৈর্যসহকারে আমাদের কথাগুলো শুনেছেন এবং আশ্বাস দিয়েছেন, প্রত্যেকটি দাবি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার বলেন, চেয়ারম্যান মহোদয় প্রথমেই বলেছেন, ‘আমরা মিথ্যা আশ্বাস দিয়ে কোনো হাততালি নিই না। আমরা বাস্তবে বিশ্বাসী। আমরা কাজ করব, উদ্বোধনের সময় হাততালি নেব।’ তিনি আরও উল্লেখ করেছেন, আমরা অনেক কিছু বলিনি।

তিনি বলেন, দলের কাউন্সিল সামনে। সেই কাউন্সিলকে সামনে রেখে তিনি কাজ করছেন। পাশাপাশি স্থানীয় নির্বাচন নিয়েও তিনি চিন্তাভাবনা করছেন। একই সঙ্গে জনস্বার্থে ও জনগণের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার নির্দেশনা দিয়েছেন। তিনি বলেছেন, যে জনগণ ভোট দিয়ে আমাদের প্রধানমন্ত্রী করেছেন, সেই জনগণের পাশে থাকতে হবে।

সভা শেষে বিএনপির কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক ও সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দলের সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে একযোগে কাজ করার নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, ফ্যাসিস্ট ও গুপ্ত সংগঠনের কাউকে যেন দলে অন্তর্ভুক্ত করা না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। পাশাপাশি দক্ষিণাঞ্চলের উন্নয়নে বরিশালবাসীর যেসব দাবি রয়েছে, সেগুলো বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী।

বরিশাল সদর আসনের সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ার বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে আমরা যতটুকু বুঝতে পেরেছি, তিনি দলের কাউন্সিলকে গুরুত্ব দিয়ে ভাবছেন। এ জন্য নেতাকর্মীদের প্রস্তুতি নিতে বলেছেন। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের আদর্শিকভাবে শক্তিশালী ও সংগঠনকে আরও সুসংগঠিত করার নির্দেশনাও দিয়েছেন।

তিনি আরও বলেন, ছয় লেন মহাসড়কের বিষয়েও প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন। কারণ আগের মন্ত্রিসভার এ বিষয়ে সিদ্ধান্ত রয়েছে। খালেদা জিয়া যেসব উন্নয়নকাজ শুরু করেছিলেন কিন্তু শেষ করে যেতে পারেননি, সেগুলো প্রধানমন্ত্রী দায়িত্ব নিয়ে বাস্তবায়ন করবেন।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।