![]() মুলাদীতে রাস্তা বন্ধ করে দেওয়ায় বিপাকে ২০০ পরিবার, সেতুর নিচ দিয়ে চলাচল
১৪ July ২০২৬ Tuesday ৫:৫৩:৩২ PM
মুলাদী (বরিশাল) প্রতিনিধি: ![]() বরিশালের মুলাদী উপজেলার সদর ইউনিয়নের বজায়শুলী গ্রামের চলাচলের একমাত্র রাস্তাটি বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েছে প্রায় দুই শতাধিক পরিবার। বিকল্প কোনো পথ না থাকায় তারা খাসেরহাট গুচ্ছগ্রাম এলাকার একটি ঢালাই ব্রিজের নিচ দিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছে। মাথার ঠিক ওপরে কংক্রিটের গার্ডার আর পাশেই খালের পানি—এমন চরম ঝুঁকিপূর্ণ পথ দিয়েই প্রতিদিন যাতায়াত করছেন নারী, শিশু ও বৃদ্ধসহ শত শত মানুষ। জানা গেছে, খাসেরহাট গুচ্ছগ্রাম ঢালাই সেতু থেকে উত্তর দিকে বজায়শুলী গ্রাম পর্যন্ত রাস্তাটি গেছে। বজায়শুলী গ্রামের মৃত মোসলেম সরদারের ছেলে মোস্তফা সরদার ও তাঁর লোকজন চলাচলের মূল রাস্তাটি শুকনা নারিকেল পাতা ও বাঁশের বেড়া দিয়ে আটকে দিয়েছেন। এতে গ্রামের প্রায় দুই শতাধিক পরিবার প্রায় এক বছর ধরে ভোগান্তি পোহাচ্ছে। বজায়শুলী গ্রামের জিয়াউর রহমান শরীফ জানান, ‘আমাদের চলাচলের আর কোনো পথ নেই। বাধ্য হয়ে আমাদের খাসেরহাট কাঠেরপুল এলাকার ঢালাই ব্রিজের একদম নিচ দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে।’ সরেজমিনে দেখা যায়, মূল রাস্তাটি বন্ধ থাকায় গ্রামবাসী খাসেরহাট গুচ্ছগ্রাম এলাকার ঢালাই সেতুর নিচের ফাঁকা অংশ দিয়ে যাতায়াত করছে। সেতুর নিচের নিচু ও অন্ধকারাচ্ছন্ন এই কর্দমাক্ত পথ দিয়ে পিঠ সোজা করে হাঁটাও কষ্টকর। যেকোনো মুহূর্তে মাথায় আঘাত পাওয়া বা পাশে থাকা খালের পানিতে পড়ে যাওয়ার মতো বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। স্থানীয় বাসিন্দা আব্দুল মন্নান ফকির জানান, খাসেরহাট গুচ্ছগ্রামে আগে বেইলিসেতুর পশ্চিম পাশে সরকারি খাসজমি দিয়ে একটি রাস্তা ছিল। বেইলিসেতু ভেঙে ঢালাই সেতুর গাইডওয়াল নির্মাণের সময় ওই রাস্তাটি সরু হয়ে গেলে মোস্তফা সরদার ও তাঁর লোকজন পথটি পুরোপুরি বন্ধ করে দেন। খাস জমির রাস্তাটি খুলে দেওয়ার অনুরোধ করলে তাঁরা উল্টো আদালতে মামলা করেন। ওই মামলায় আদালত ও থানা থেকে নোটিশ দেওয়া হয়েছে। ভুক্তভোগী বাসিন্দা পারভেজ খান বলেন, পথটি দীর্ঘদিন ধরে মানুষ সাধারণ চলাচলের জন্য ব্যবহার হয়ে আসছিল। ঢালাই সেতু নির্মাণের পর তা বন্ধ করে দেওয়ায় শত শত মানুষ দুর্ভোগে পড়েছে। একটি মাত্র রাস্তার জন্য আজ পুরো এলাকার দুই শতাধিক পরিবার বন্দিদশা পার করছে। এই অচলাবস্থার দ্রুত অবসান ঘটাতে এবং নিরাপদে যাতায়াতের পথ উন্মুক্ত করা প্রয়োজন। এ ছাড়া সেতুর নিচ দিয়ে সরু রাস্তা হওয়ায় খালটি ভরাটের আশঙ্কা রয়েছে। এ ব্যাপারে মোস্তফা সরদার বলেন, তাঁদের রেকর্ডীয় জমিতে জোরপূর্বক রাস্তা নির্মাণ করতে চাওয়ায় তাঁরা বেড়া দিতে বাধ্য হয়েছেন। স্থানীয় কয়েকজন জমিটি সরকারি দাবি করায় আদালতে একটি মামলা করা হয়েছে। মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা বলেন, রাস্তা নিয়ে আদালতে মামলা চলমান। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইতিমধ্যে ফৌজদারি কার্যবিধির ১৪৪/১৪৫ ধারায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নোটিশও জারি করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম সরওয়ার বলেন, সাধারণ মানুষের চলাচল বন্ধ করার সুযোগ নেই। খাসেরহাট গুচ্ছগ্রাম সেতুর পশ্চিম পাশ দিয়ে সরকারি জমি থাকলে সার্ভেয়ার দিয়ে সীমানা নির্ধারণ করে বন্ধ রাস্তা খুলে দেওয়ার ব্যবস্থা করা হবে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

